শিকাগো, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাঙ্খিত মার্কিন 'প্রেসিডেন্ট' পদবীটি না পেলেও হিলারি ক্লিনটনের আরেকটি ইচ্ছে পূরণ হয়েছে সোমবার। পররাষ্ট্রমন্ত্রী পদে তার নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা। আর হিলারিও তাতে রাজি হয়ে ঝেড়ে ফেলেছেন ওবামার সঙ্গে নির্বাচনী প্রচারের সময়কার যত তিক্ততা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মঞ্চে নাছোড়বান্দা হিলারির নতুন অধ্যায় শুরু হল।
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি থেকে ২০০০ সালে নিউইয়র্কের সিনেটর হয়ে ইতিহাস সৃষ্টি করা এবং প্রেসিডেন্ট নির্বাচনেও প্রায় সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া হিলারির জন্য পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ নিজস্ব রাজনৈতিক ভিত গঠন এবং উচ্চাশা পূরণের সিঁড়ি।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতীয় নিরাপত্তা টীমের কর্তৃত্ব থাকবে হিলারির হাতে। এর মধ্যে অন্তর্ভূক্ত থাকবে রবার্ট গেটসের নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়, জ্যানেট নাপোলিটানোর নেতৃত্বে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল জেমস জোনস, অ্যাটর্নি জেনারেল এরিক হোলডার ও জাতিসংঘে নিযুক্ত দূত সুজান রাইস। সোমবারের অনুষ্ঠানে ওবামা এদের নাম ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধে লিপ্ত এবং আন্তর্জাতিক সন্ত্রাসের হুমকির সম্মুখীন এমন এক সময়ে জাতীয় নিরাপত্তা টীমে হিলারি কেন্দ্রীয় ভূমিকা রাখবেন বলেই মনে করা হচ্ছে।
জাতীয় নিরাপত্তা টীমের ওবামার পছন্দ সিনেটর জন ওয়ার্নারসহ ওয়াশিংটনের অনেক হোমরা-চোমড়ার প্রশংসা পেয়েছে। আর্মড সার্ভিসেস কমিটির সাবেক চেয়ারম্যান ওয়ার্নার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, "জাতীয় নিরাপত্তা টীমে গেটস, হিলারি ও জোনসের এই ত্রয়ী সংযোজন দেশে ও বিদেশে আস্থা কুড়াবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৫২১ ঘ.
bdnews24