মুম্বাই, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় দায়িদের বিরুদ্ধে অবিলম্বে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। পাকিস্তান থেকে আসা জঙ্গিরাই মুম্বাইয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। সোমবার পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে ভারত এই অভিযোগ করে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার বলেছে, তারা পাকিস্তানের দূতকে ডেকে জানিয়েছে যে, হামলাকারীরা পাকিস্তানে কয়েকমাসের কমান্ডো প্রশিক্ষণের পর মুম্বাইয়ে এসে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের হাই কমিশনারের কাছেই পাকিস্তানকে দায়িদের বিরুদ্ধে অবিলম্বে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, পাকিস্তানের নেতারা ভারতের সঙ্গে নতুন গুণগত সম্পর্ক প্রতিষ্ঠার যে স্পৃহা দেখিয়েছেন মুম্বাই হামলার বিরুদ্ধে তাদের ব্যবস্থাটাও যেন এর সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়।
ওদিকে, ভারতে পাক হাই কমিশনারকে তলবের খবর অস্বীকার করেছে পাকিস্তানের সরকারি বার্তা সংস্থা এপিপি। এক প্রতিবেদনে তারা বলেছে, পাক হাইকমিশনার রুটিনমাফিকই ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ে গেছেন। তাকে তলব করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩৭ ঘ.
bdnews24