দোহা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের বর্তমান আর্থিক সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। শনিবার তিনি বলেছেন, সংকট সমাধানে পশ্চিমা নেতারা এখন অন্য দেশগুলোকেও জড়াতে চাইছেন।
কাতারের রাজধানী দোহাতে জাতিসংঘ আয়োজিত এক সাহায্য সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, "সমস্যাকে বিশ্ব সংকটের রূপ দিতে পশ্চিমা নেতারা এখন বাকী বিশ্বকেও জড়ানোর চেষ্টা করছেন।"
তিনি আরও বলেন, "নিজেদের ক্ষতি কমাতে সংকট সমাধানের প্রচেষ্টার সঙ্গে অন্যদের ভিড়িয়ে নিতে পশ্চিমা দেশগুলো এখন অন্য দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে এবং আঞ্চলিক বৈঠক বা সম্মেলনের আয়োজন করছে।"
বর্তমান আর্থিক সংকটে পড়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন ঘটেছে। দেউলিয়া হয়ে গেছে অনেক বড় বড় পশ্চিমা ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান। সংকট মোকাবেলায় অনেক দেশ ইতোমধ্যে হাজার হাজার কোটি ডলারের উদ্ধার প্যাকেজ ঘোষণা করেছে।
এই সংকটের অভিঘাত থেকে রেহাই পাবে না দরিদ্র দেশগুলোও। বিশ্ব ব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে নতুন করে দারিদ্রের শিকার হতে পারে চার কোটি মানুষ।
পশ্চিমাদের কট্টর সমালোচক আহমাদিনেজাদ বলেন, পুুজিবাদের যুগ শেষ হতে চলেছে। এখন ধর্মীয়, আধ্যাত্মিক এবং সুদবিহীন নীতির ভিত্তিতে বিশ্বে একটি নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৩ ঘ.
bdnews24