কিনশাসা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষ থামাতে নতুন পদক্ষেপ নিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবেসানজো। টুটসি বিদ্রেহীদের সঙ্গে সরকারকে শান্তি আলোচনায় রাজি করাতে শুক্রবার তিনি প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে বৈঠক করেছেন।
জাসিংঘের বিশেষ দূত নিযুক্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো কঙ্গো পৌঁছেছেন ওবেসানজো। দুই সপ্তাহ আগে প্রথম কঙ্গো সফরে তিনি প্রেসিডেন্ট কাবিলা এবং বিদ্রোহী নেতা লর্যাঁ নকুনদার সঙ্গে বৈঠক করেছিলেন। তখন নকুনদা সরকারের সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানান।
তবে আফ্রিকার গ্রেট লেকস অঞ্চলের নেতাদের পক্ষে ওবেসানজোর সফরসঙ্গী তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট বেঞ্জামিন এমকাপা সরকারের সঙ্গে বিদ্রোহীদের খুব শিগগির সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
প্রেসিডেন্ট কাবিলার সঙ্গে বৈঠকের পর এমকাপা সাংবাদিকদের বলেন, "নকুনদার পক্ষে এখনি সরাসরি আলোচনা দাবি করা হঠকারী বলে আমি মনে করি। সংলাপ শীর্ষ পর্যায় থেকে শুরু হয় না।"
তিনি আরও বলেন, " সামরিক উপায়ে সমস্যার সমাধান খোঁজার কোনো মানে হয় না তা এখন সবাই মেনে নিচ্ছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামীকাল আমরা নকুনদার সঙ্গে বৈঠক করব।"
কিছু দিন ধরে সরকার এবং বিদ্রোহীদের পক্ষ থেকে যে বক্তৃতা-বিবৃতি দেওয়া হচ্ছে তাতে এটা পরিষ্কার যে কাবিলা এবং নকুনদার মধ্যে এই মুহূর্তে সরাসরি আলোচনার সম্ভাবনা খুবই কম।
কঙ্গোর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লর্যাঁ নকুনদার নেতৃত্বাধীন টুটসি বিদ্রোহীরা কঙ্গোর সেনাবহিনী (এফএআরডিসি) এবং হুটু বিদ্রোহীদের (এফডিএলআর) সঙ্গে লড়াই করছে। এ লড়াইয়ে কারণে সেখানকার হাজার হাজার বাসিন্দা গৃহহারা হয়েছে এবং অঞ্চলটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩৩ ঘ.
bdnews24