ব্যাংকক, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দর আবোরধ নিরসনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে শুক্রবার আলোচনা শুরু করেছে থাই পুলিশ। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সুচারত মুয়েনকায়েও একথা বলেছেন।
সুচারত জানান, আলোচনা ব্যর্থ হলে অবরোধ নিরসনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা।
তিনি সাংবাদিকদের বলেন, "আমরা তাদেরকে বিমানবন্দর চালু করতে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিমানবন্দর বুধবার থেকে বন্ধ হয়ে আছে।"
এর আগে সরকারবিরোধী বিক্ষোভকারীদের দখলে থাকা ব্যাংককের দুটি বিমানবন্দরে বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করেন থাই প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াত।
উপ-কৃষীমন্ত্রী থিরাছাই সানকেউ জানান, বিদ্রোহীরা অবরুদ্ধ করে রাখা সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডন মুয়াং পুরাতন বিমানবন্দরের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে।
মন্ত্রী পরিষদের বৈঠক শেষে রয়টার্সকে তিনি বলেন, "বিমানবন্দর দুটিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেখানে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী পরিষদ।"
এর আগে, সরকারবিরোধী তীব্র প্রতিবাদের মুখে সেনা অভ্যুত্থানের গুঞ্জনের মধ্যে সেনাবাহিনীকে তাদের ব্যারাকে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াত।
এছাড়া, সরকারকে পদত্যাগ করে আগাম নির্বাচন দেওয়ার কথা বলায় সেনাপ্রধান অনুপং পায়োচিন্দাকে বরখাস্তা করা হতে পারে বরে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা নাকচ করে দিয়েছেন সরকারের মুখপাত্র নাত্তাওয়াত সাইকুয়ার।
নাত্তাওয়াত বলেন, "সেনাদের তাদের ব্যারাকে থাকার আহ্বান জানোনো হয়েছে এবং প্রধানমন্ত্রীও কাউকে বরখাস্ত করবেন না।"
প্রধানমন্ত্রী সোমচাই পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করার পর বৃহস্পতিবার দেশে আরও অস্থিরতা ছড়িয়ে পড়ার হুমকির মুখে রাজনৈতিক সংকট সামাল দিতে সেনাবাহিনীর ওপর চাপ বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫৬ ঘ.
bdnews24