নিউ দিল্লি, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, মুম্বাইয়ের ওবেরয় হোটেলে সন্ত্রাসীদের হাতে এখনো ২০ থেকে ৩০ জন জিম্মি হয়ে থাকতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বিশেষ সচিব এম এল কুমাওয়াত এক সংবাদ সম্মেলনে বলেন, "ওবেরয় হোটেলে এখনো ২০ থেকে ৩০ জন জিম্মি হয়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সঠিক সংখ্যা জানা যাচ্ছে না।"
তিনি জানান, ওবেরয় হোটেলের ২২ থেকে ৯ তলা পর্যন্ত এবং তাজ মহল হোটেলের নীচ থেকে পাঁচ তলা পর্যন্ত তল্লাশি চালিয়ে জিম্মিদের উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মুম্বাইয়ে বুধবার রাতে পাচতারকা তাজ হোটেল ও হোটেল ওবেরয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর তাজ হোটেলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের মাধ্যমে জিম্মিদের মুক্ত করেছে কমান্ডোরা। তবে ওবেরয় হোটেলে এখনও জিম্মি রয়ে গেছে।
হামলায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ১০১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অন্ততপক্ষে ৬ জন বিদেশি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭ জনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪১ ঘ.
bdnews24