মুম্বাই, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার বলেছেন, আমাদের ওপর হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করা হলে আমরা তা সহ্য করব না। আর তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তাহলে এ জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।
টেলিভিশনে জাতির উদ্দেশে এক ভাষণে মনমোহন জানান, মুম্বাইয়ে হামলা ও জিম্মি ঘটনার সঙ্গে বাইরের সংশ্লিষ্টতা থাকতে পারে। একই সঙ্গে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে তিনি প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, "এই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং সুসংগঠিত। এর সঙ্গে বাইরের সংশ্লিষ্টতা থাকতে পারে।"
তিনি বলেন, "প্রতিবেশী দেশগুলোকে আমরা জানিয়ে দিচ্ছি, আমাদের ওপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করা হলে আমরা তা সহ্য করব না। আর তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তাহলে এ জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।
"এটা বোঝা যাচ্ছে যে যারা এই হামলা চালিয়েছে, তাদের ভিত দেশের বাইরে। ভারতের বাণিজ্যিক রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা এই ধরণের গুরুত্বপূর্ণ লক্ষ্য বেছে নিয়েছে।"
মুম্বাইয়ে বুধবার রাতে পাচতারকা তাজ হোটেল ও হোটেল ওবেরয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর তাজ হোটেলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের মাধ্যমে জিম্মিদের মুক্ত করেছে কমান্ডোরা। তবে ওবেরয় হোটেলে এখনও জিম্মি রয়ে গেছে।
হামলায় এ পর্যন্ত ১১ পুলিশ কর্মকর্তাসহ ১২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্ততপক্ষে ৬ জন বিদেশি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৪ ঘ.
bdnews24