জাতিসংঘ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে সুদান সরকার এখনো সংঘাতময় দারফুরে সামরিক কর্মকাণ্ড চালানোয় তিনি হতাশ হয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ দারফুরের আবু দাঙ্গাল এলাকায় গত ২১ ও ২২ নভেম্বর সুদানি বিমান বাহিনীর অভিযানের বিষয়ে তদন্ত করেছে দেশটিতে মোতায়েন জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীরা।
বিবৃতিতে বলা হয়, "গত ১২ নভেম্বর সুদান সরকার নিজে থেকেই দারফুরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তারপরও সেখানে সেনাবাহিনী তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখায় হতাশ হয়েছেন জাতিসংঘ মহাসচিব।"
বিবৃতিতে উল্লেখ করা হয়, "শান্তিরক্ষীরা বিমান হামলা ও এতে ক্ষয়ক্ষতির অনেক প্রমাণ পেয়েছে।"
এতে আরও বলা হয়, "মহাসচিব সকল পক্ষকে শর্তহীনভাবে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৭ ঘ.
bdnews24