তেহরান, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান ৫ হাজার ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চালু করেছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোলামরেজা আগাজাদেহ বুধবার একথা বলেছেন। এর মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি বাড়ানোরই আভাস দিল ইরান।
এ কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমারা। এর মধ্যে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান গোলামরেজা আগাজাদেহ এর ওই মন্তব্যে এটি আরেকবার প্রতীয়মান হল যে, বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধের পশ্চিমা চাপের কাছে মাথা নত করার কোনও ইচ্ছা ইরানের নেই।
আগাজাদেহ সেন্ট্রিফিউজের যে সংখ্যা উল্লেখ করেছেন তা ১৯ নভেম্বরে জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার উল্লিখিত সংখ্যার চেয়ে ানেক বেশি। জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানে ৩ হাজার ৮শ সেন্ট্রিফিউজ চালু থাকার কথা বলেছিল। তবে তারা এও বলেছিল যে, ইরান আরও ২২০০ সেন্ট্রিফিউজ বসাচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় আগাজাদেহ বুধবার বলেন, "এখন আমরা ৫ হাজার সেন্ট্রিফিউজে কাজ চালাচ্ছি।"
উপপররাষ্ট্রমন্ত্রী আলীরেজা শেখ আত্তার এর আগে আগস্টে বলেছিলেন, "ইরানে ৪ হাজার সেন্ট্রিফিউজ চালু আছে।"
ইরানের ওই দাবির প্রতিক্রিয়ায় আইএইএ'র কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৬ ঘ.
bdnews24