ব্যাংকক, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাই প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াত পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করার পর বৃহস্পতিবার দেশে আরও অস্থিরতা ছড়িয়ে পড়ার হুমকির মুখে রাজনৈতিক সংকট সামাল দিতে সেনাবাহিনীর ওপর চাপ বাড়ছে।
বুধবার সরকারকে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান সেনাপ্রধান অনুপং পায়োচিন্দা। কিন্তু প্রধানমন্ত্রী সোমচাই সে পরামর্শ প্রত্যাখ্যান করায় থাইল্যাণ্ডে খুব শিগগিরি সেনা অভ্যুত্থানের জল্পনা সৃষ্টি হয়।
তবে রাজনৈতিক বিবাদ মেটাতে সেনাবাহিনীর তেমন কিছু করার নেই-- এ যুক্তিতে বরাবরই সংকটে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন পায়োচিন্দা। তবে বর্তমান জটিল পরিস্থিতিতে এক সামরিক সূত্র জানিয়েছেন, থাকসিন অপসারণের দুবছর পরই থাইল্যাণ্ডে সেনা অভ্যুত্থান ঘটানো হবে কিনা তা নিয়ে গভীর রাতের বৈঠকে নৌ ও বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে তর্কবিতর্ক হয়েছে।
ওদিকে, তৃতীয় দিনের মতো ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর অবরোধ করে রেখেছে সরকারবিরোধী জোট 'পিপলস এলায়েন্স ফর ডেমোক্র্যাসি'র (পিএডি) বিক্ষোভকারীরা। ফলে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীতে আটকা পড়েছে হাজার হাজার পর্যটক।
পিএডি সদস্যরা পুরনো ডন মুয়াঙ বিমানবন্দরও অবরোধ করেছে। ফলে অভ্যন্তরীণ রুটের সব বিমান চলাচলও বন্ধ রয়েছে।
ডন মুয়াঙ বিমানবন্দর থেকে পিএডি নেতা সোমসাক কোসাইসুক সাংবাদিকদের বলেন, "আমরা এটা মানছি যে, এর ফলে ব্যবসা-বাণিজ্যে সমস্যা হচ্ছে। কিন্তু এ সমস্যার কারণ হচ্ছে সরকার।"
তিনি আরও বলেন, "আমরা জানি এ সরকারের দিন শেষ হয়ে আসছে।" বিমানবন্দর অবরোধ তুলে নেওয়ার জন্য বুধবার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কোসাইসুক একথা বলেন।
সরকারপন্থি একটি দল পিএডির বিরুদ্ধে রাস্তায় নামার হুমকি দিয়েছে। বুধবার রাতে গভর্মেন্ট হাউসের কাছে গুলির আওয়াজ শোনা গেছে বলে জানা যায়। থাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে রাতে গোলাগুলির খবরও পাওয়া গেছে।
বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী সোমচাই বলেছেন, এ সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত। সরকার "দেশের ভালোর জন্য" কাজ করে যাবে। তা পিএডি এ সরকারকে যতই নির্বাসিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পুতুল সরকার বলে দাবি করুক।
বৃহস্পতিবার উত্তরাঞ্চলের চিয়াং মাই শহরের মন্ত্রিসভার বৈঠকে বসার কথা রয়েছে থাই প্রধানমন্ত্রীর। ধারণা করা হচ্ছে, এ বৈঠক থেকে তিনি পিএডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।
কয়েকটি থাই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমচাই জরুরি অবস্থা জারি করতে পারেন। যদিও এর আগে সেপ্টেম্বরে সেনাবাহিনী পিএডি'র বিরুদ্ধে পদক্ষেপ নিতে অস্বীকার করলে এ ধরনের পদক্ষেপ নিতে ব্যর্থ হয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২৯ ঘ.
bdnews24