২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে তাজ হোটেলের জিম্মিরা মুক্ত: পুলিশ

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বুধবার রাতে সন্ত্রাসী হামলার পর তাজ হোটেলের জিম্মিদের মুক্ত করেছে কমান্ডোরা। তবে ওবেরয় হোটেলে এখনও জিম্মি রয়ে গেছে। মহারাষ্ট্রের পুলিশ প্রধান এ এন রায় বৃহস্পতিবার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 04:06 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

মুম্বাই, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বুধবার রাতে সন্ত্রাসী হামলার পর তাজ হোটেলের জিম্মিদের মুক্ত করেছে কমান্ডোরা। তবে ওবেরয় হোটেলে এখনও জিম্মি রয়ে গেছে। মহারাষ্ট্রের পুলিশ প্রধান এ এন রায় বৃহস্পতিবার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ-৫) এনডিটিভি নিউজ চ্যানেলে রায় জানান, "তাজ হোটেলের জিম্মিদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে হোটেলের বিভিন্ন কক্ষে অতিথিরা আছেন। তাদের সংখ্যা কত তা আমরা জানি না।" তিনি আরও জানান, ওবেরয় হোটেলে কিছু লোক এখনও জিম্মি হয়ে আছে। সেকারণে সেখানে অভিযান চালানো হচ্ছে খুব সাবধানে। যাতে নিরীহ লোকজনের প্রাণহানি না হয়। বুধবার রাতে সন্ত্রাসী হামলার ১৭ ঘন্টা পরও জঙ্গি ও সেনাদের মধ্যে গুলিবিনিময় চলছে। তাছাড়া তাজমহল হোটেলের বিভিন্ন কক্ষে ১ শ'রও বেশি লোক আটকা পড়ে আছে বলে জানিয়েছে রয়টার্স। হামলায় নিহতের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অন্ততপক্ষে ৬ জন বিদেশি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭ জনে। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে একথা জানিয়েছেন। মুম্বাইজুড়ে মধ্যরাতে সন্ত্রাসীরা এই তাণ্ডব চালিয়ে বহু বিদেশিকে জিম্মি করে। দুটি পাঁচ তারকা হোটেলে জিম্মি সংকট নিরসনে দুপক্ষের মধ্যকার সংঘর্ষে ৪ বন্দুকধারী এবং মুম্বাইয়ের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের পুলিশ প্রধানসহ ১২ পুলিশ নিহত হয়েছে। ৯ সন্দেহভাজনকে গ্রেপ্তার কেেরেছ পুলিশ। ওবেরয় হোটেলে আনেকে জিম্মি হয়ে আছে বলে ধারণা করছে পুলিশ। মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে কর্তব্যরত এক কর্মকর্তা জানিয়েছেন, ওই হোটেলে লড়াইয়ের খবর তিনি পেয়েছেন। ওবেরয় হোটেলের ভেতর থেকে এক জঙ্গি ভারতীয় টেলিভিশনকে ফোনে জানিয়েছেন, ভারতীয় জেলে আটক মুজাহিদন বা মুসলিম যোদ্ধাদের ছেড়ে দেওয়া হলেই জিম্মিদের মুক্তি দেওয়া হবে। শাহাদুল্লাহ নামে নিজের পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, তিনি হোটেলে ৭ হামলাকারীর একজন। তিনি আরও বলেন, "সব মুজাহিদীনকে ছেড়ে দিন, ভারতে বসবাসকারী মুসলমানদের ঝামেলায় ফেলা উচিত না।" রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পরবর্তীতে ওই হোটেলে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ এবং আমেরিকানরা হামলাকারীদের লক্ষ্য ছিল বলে মনে করা হচ্ছে। নগরীর সবচেয়ে অভিজাত এলাকায় সন্ত্রাসীদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি ও গ্রেনেড হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে। পাঁচ তারকা মার্কিন ও ব্রিটিশ পাসপোর্টধারীদের লক্ষ্যবস্তু করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ভারতে আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীন কংগ্রেস পার্টিকে বিব্রতকর অবস্থায় ফেলাও এ হামলার উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। পর্যটকদের কাছে জনপ্রিয় অভিজাত এলাকায় তাজ এবং ওবেরয় হোটেল, রেস্তোরাঁ, বাণিজ্যিক এলাকা এবং ব্যস্ত একটি রেল স্টেশনসহ অন্তত ৭ টি স্থানে এ হামলা হয়। এতে ১১ পুলিশ নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী। তিনি বলেন, "পাঁচজন পুলিশ কর্মকর্তাসহ পুলিশের ১১ জন সদস্য প্রাণ দিয়েছে।" মুম্বাই থেকে বিবিসির সাংবাদিক বলেন, ঘটনার ধরনের দিক থেকে এ হামলা খুবই ব্যতিক্রমধর্মী। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায়। তারা বলছেন এ ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। তবে বিবিসি জানায়,একটি সূত্র বলেছে পুলিশকে সাবধান করা হয়েছিল। কর্তৃপক্ষ এ ধরনের কোনো হামলার আশঙ্কা না করায় বাড়তি নিরাপত্তা না থাকার সুযোগেই সশস্ত্র লোকজন পাঁচ তারকা হোটেলে ঢুকতে সক্ষম হয় বলে মনে করা হচ্ছে। হামলাকারীদের মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর অবস্থান গ্রহণ এবং গুলি ও বিষ্ফোরণের ঘটনায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিস্ফোরণ থেকে কয়েকটি স্থানে আগুন ধরে যায়। পুলিশ ওবেরয় হোটেলের ১৫ থেকে ২০ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। মুম্বাইতে এর আগেও বেশ কয়েকবার সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ২০০৬ সালে ৭টি যুগপৎ বোমা হামলায় ২ শতাধিক লোক নিহত হয় যার জন্য পাকিস্তানী মদদপুষ্ট ইসলামী জঙ্গীদের দায়ী করা হয়েছিল। এছাড়া ১৯৯৩ সালে ১২ টি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এলকিউ/১১২৮ঘ.