মুম্বাই ,২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইতে বুধবার রাতে অভিজাত হোটেলসহ বিভিন্নস্থানে সমন্বিত এক সন্ত্রাসী হামলায় বহু লোক হতাহত হয়েছে।
নিহতের সংখ্যা কমপক্ষে ৮৭ এবং আহত ২শ ৫০ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে কোনোই ধারণা পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে মুম্বাইয়ের সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধানও রয়েছেন বলে একটি ভারতীয় চ্যানেল বলেছে।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ রাতেই জরুরি বৈঠকে বসে।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
নগরীর সবচেয়ে অভিজাত এলাকায় সন্ত্রাসীদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি ও গ্রেনেড হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। পাঁচ তারকা তাজ হোটেলসহ দুটি স্থানে পশ্চিমী নাগরিককে জিম্মি করারও খবর পাওয়া গেছে। কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন ওবেরয় হোটেলে ৪০ জনকে জিম্মি করা হয়েছে। মার্কিন ও ব্রিটিশ পাসপোর্টধারীদের লক্ষ্যবস্তু করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিরাপত্তা কর্তৃপক্ষ একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় টিভি চ্যানেলের খবরে এটি কি মুম্বাইয়ের স্থানীয় মাস্তান গ্র"পের কাজ কিনা সে প্রশ্নও তোলা হয়।
পর্যটকদের কাছে জনপ্রিয় অভিজাত এলাকায় তাজ এবং ওবেরয় হোটেল, রেস্তোরাঁ, বাণিজ্যিক এলাকা এবং ব্যস্ত একটি রেল স্টেশনসহ অন্তত ৭ টি স্থানে এ হামলা হয়।
মুম্বাই থেকে বিবিসির সাংবাদিক বলেন, ঘটনার ধরণের দিক থেকে এ হামলা খুবই ব্যতিক্রমধর্মী।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায়। তারা বলছেন এ ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। তবে বিবিসি জানায়,একটি সূত্র বলেছে পুলিশকে সাবধান করা হয়েছিল।
কর্তৃপক্ষ এ ধরণের কোনো হামলার আশঙ্কা না করায় বাড়তি নিরাপত্তা না থাকার সুযোগেই সশস্ত্র লোকজন পাঁচ তারকা হোটেলে ঢুকতে সক্ষম হয় বলে মনে করা হচ্ছে।
হামলাকারীদের মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর অবস্থান গ্রহণ এবং গুলি ও বিষ্ফোরণের ঘটনায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিস্ফোরণ থেকে কয়েকটি স্থানে আগুন ধরে যায়।
পুলিশ ওবেরয় হোটেলের ১৫ থেকে ২০ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
মুম্বাইতে এর আগেও বেশ কয়েকবার সন্ত্রাসবাদী হামলা হয়েছে।
২০০৬ সালে ৭টি যুগপৎ বোমা হামলায় ২ শতাধিক লোক নিহত হয় যার জন্য পাকিস্তানী মদদপুষ্ট ইসলামী জঙ্গীদের দায়ী করা হয়েছিল।
এছাড়া ১৯৯৩ সালে ১২ টি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০২৩৮ঘ.
bdnews24