ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের থাইল্যান্ড সফর বাতিল বা স্থগিত করতে বলেছে। থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনকারীরা বিমানবন্দরে চড়াও হওয়া এবং সেনাবাহিনী দেশটির সরকারকে সরে দাঁড়াতে বলার পরিপ্রেক্ষিতে এ পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ। (আরো তথ্যসহ)
কয়েকমাস ধরে বিক্ষোভরত সরকারবিরোধীরা বুধবার সকালে ব্যাংককের সূবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে শক্ত অবস্থান নেয় এবং এক পর্যায়ে কন্ট্রোল টাওয়ারে চড়াও হয়। এ সময় হাতবোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয়।
এরপর বিকেলে দেশটির সেনাপ্রধান অনুপং পায়োচিন্দা ব্যাংককে এক সংবাদ সম্মেলনে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। পাশাপাশি সরকারবিরোধী জোট 'পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি'র কর্মী-সমর্থকদের বিক্ষোভ বন্ধ করে বিমানবন্দর থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড, চীন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও জাপান সরকার তাদের থাইল্যান্ডগামী নাগরিকদের যাত্রা বাতিল বা স্থগিতের পরামর্শ দিয়েছে। পাশাপাশি থাইল্যান্ডে অবস্থানরতদেরও সতর্ক থাকতে বলেছে সরকারগুলো।
সন্ধ্যায় বাংলাদেশ সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, 'পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের সর্বোচ্চ সকর্তা অবলম্বনের আহ্বান জানিয়েছে।'
জরুরি প্রয়োজনে সেখানে অবস্থানরত বাংলাদেশীদের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের ঠিকানা: হাউজ: ৭২৭, সুকুমভিট সোই ৫৫ (থং লো) ব্যাংকক-১০১১০; ফোন: ০-১৮৫-১৩৪০ এবং ০-১৮৫-১৩৪১।
এদিকে অধিকাংশ বিমান পরিবহন সংস্থা এরইমধ্যে তাদের ব্যাংকক ফ্লাইট স্থগিত করেছে। এই বিমানবন্দর হয়ে প্রতিদিন গড়ে এক লাখ ২৫ হাজার যাত্রী ভ্রমণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএএইচ/জেকে/এসকে/২১৫০
bdnews24