২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করলেন থাই প্রধানমন্ত্রী

তীব্র সরকারবিরোধী বিক্ষোভের মুখে সেনাপ্রধান পরামর্শ দিলেও পদত্যাগ করবেন না বলে বুধবার জানিয়ে দিয়েছেন থাই প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াত। সেনাপ্রধান অনুপং পায়োচিন্দা সরকারকে পদত্যাগ করে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ব্যাংকক, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তীব্র সরকারবিরোধী বিক্ষোভের মুখে সেনাপ্রধান পরামর্শ দিলেও পদত্যাগ করবেন না বলে বুধবার জানিয়ে দিয়েছেন থাই প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াত। সেনাপ্রধান অনুপং পায়োচিন্দা সরকারকে পদত্যাগ করে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। (আরও তথ্যসহ-৩) বুধবার দেশে ফিরে রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় সোমচাই বলেন, "আমার সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব।" পেরুর রাজধানী লিমায় এপেক সম্মেলনে যোগদান শেষে বুধবার ফিরেছেন সোমচাই। তিনি সেনাপ্রধানের আহ্বান প্রত্যাখ্যান করায় সেনা অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে গুঞ্জন আরও বেড়ে গেছে। এর আগে চলমান সঙ্কট সমাধানে বুধবারই ব্যাংককে এক সংবাদ সম্মেলনে সরকারকে পদত্যাগ করে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান সেনাপ্রধান পায়োচিন্দা। একইসঙ্গে সরকারবিরোধী জোট 'পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি' (পিএডি) কে ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবরোধ তুলে নেওয়া এবং বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানান তিনি। সঙ্কট সমাধানে চারদফা পরিকল্পনা প্রকাশ করে সেনাপ্রধান বলেন, "প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন দিতে হবে।" অনুপং এর আগে অনেকবার বলেছেন, মাত্র দুই বছর আগে সেনা অভ্যুত্থানে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর আবার অভ্যুত্থানের কোনো ইচ্ছা তার নেই। তারপরও তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন। সংবাদ সম্মেলনে অনুপং বলেন, "এটা অভ্যুত্থান নয়। কিন্তু অভ্যুত্থানে যদি সঙ্কটের সমাধান হয় তাহলে আমি তা করব।" সরকারের মুখপাত্র নাত্তাওয়াত সাইকুয়ার এর আগে চ্যানেল-৩ টেলিভিশনকে বলেন, "প্রধানমন্ত্রী অনেকবার জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না বা পার্লামেন্ট ভেঙে দেবেন না। কেননা তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। তিনি আগের অবস্থানেই আছেন।" অন্যদিকে বিমানবন্দর থেকে অবরোধ তুলে নিয়ে সেনাপ্রধানের আহ্বান প্রত্যাখ্যান করেছে পিএডি। পিএডি'র মুখপাত্র সুরাইয়াসাই কাতাসিলা বলেন, "সোমচাই পদত্যাগ না করা পর্যন্ত আমরা বিমানবন্দর থেকে সরে যাব না।" গত মঙ্গলবার পিএডি সমর্থকরা ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর ফলে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বুধবার পিএডি বিমানবন্দরে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে। বিক্ষোভকারীরা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার দখল করে নিলে টার্মিনালে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে অবিলম্বে সেনা অভিযান হতে পারে বলে মনে করা হচ্ছে। বিক্ষোভকারীরা বুধবার কন্ট্রোল টাওয়ারে অবস্থান নেওয়ার পর ছোট কয়েকটি বোমা বিস্ফোরণে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়। পিএডি'র এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকালের দিকে বিমানবন্দর টার্মিনালের বাইরে তাদের একদল সমর্থককে লক্ষ্য করে ছোট একটি বোমা হামলা হয়েছে। এতে ৪ জন আহত হয়। এ হামলার ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ। তবে 'দ্য নেশন' পত্রিকা তাদের ওয়েবসাইটে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে। ওদিকে, পিএডি জানিয়েছে, রাজধানীর অন্য অংশে অন্তত একটি বোমা বিস্ফোরণের লক্ষ্য ছিল তাদের দলের লোকজন। দ্য নেশন আরও জানায়, বোমা হামলা সম্পর্কে সুষ্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি। ৪ টি বোমা হামলায় অন্ততপক্ষে ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই বিক্ষোভের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন থাইল্যান্ডের অর্থমন্ত্রী। মঙ্গলবার রাতে বিমানবন্দরের এক মুখপাত্র রয়টার্সকে জানান, নিরাপত্তার নিয়ম ভেঙে পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি'র (পিএডি) বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে হামলা চালানোয় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। পুলিশি বাধা ভেঙে বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবনে ঢুকে (পিএডি) সমর্থকরা ভাঙচুর করে। শতশত দাঙ্গা পুলিশের প্রতিরোধ ভেঙে পিএডি সমর্থকরা সুবর্ণভূমি বিমানবন্দরে হামলা চালালে চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডে এই বিমানবন্দর দিয়ে প্রতিবছর ঢোকে প্রায় এক কোটি ৩০ লাখ বিদেশী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলকিউ/এমএইচবি/ এফএইচবি/এসকে/২৩১৫ঘ.