ব্যাংকক, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে মঙ্গলবার রাতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে চড়াও হওয়ায় ব্যহত হয় বিমান চলাচল। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর।
বিমানবন্দরের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "নিরাপত্তার নিয়ম ভেঙে পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি'র (পিএডি) বিক্ষোভকারীরা বিমানবন্দরের ভেতরে হামলা চালিয়েছে। এরপর আমরা বিবানবন্দর বন্ধ ঘোষণা করেছি।"
পুলিশি বাধা ভেঙে ব্যাংককের দক্ষিণ-পূর্বে সুবর্ণভূম বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবনে ঢুকে (পিএডি) সমর্থকরা ভাংচুর করে।
শতশত দাঙ্গা পুলিশের প্রতিরোধ ভেঙে পিএডি সমর্থকরা যখন সুবর্ণভূম বিমানবন্দরে হামলা চালায় তখন সেখানে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এই বিমানবন্দর দিয়ে প্রতিবছর দেশটিতে ঢোকে প্রায় এক কোটি ৩০ লাখ পর্যটক।
এর আগে বিমানবন্দরের বাইরে বিক্ষোভ করে পিএডি কর্মী সমর্থকরা। এ সময় তারা রাজা ভূমিবলের ছবি এবং জাতীয় পতাকা বহন করে।
পিএডি মুখপাত্র পার্নথেপ পোওরপংপ্যান বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, "প্রধানমন্ত্রী সোমচাই পদত্যাগ না করলে আমরা বিমানবন্দর বন্ধ করে দেব।"
পেরুতে এপেক সম্মেলনে যোগদান শেষে বুধবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াত। তবে তিনি সুবর্ণভূম বিমানবন্দরে অবতরণ করতে পারবেন না বলে জানিয়েছেন এক মুখপাত্র।
একই দিনে শহরের উত্তরে বিমানবন্দর অভিমূখী একটি প্রধান সড়কে সরকার সমর্থকদের ওপর গুলি চালিয়েছে পিএডি'র বিক্ষোভকারীরা।
টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, পিএডি'র নিরাপত্তা কর্মীরা হাতবন্দুক দিয়ে ছয় সাতটি গুলি ছোড়ে। তবে পিএডি দাবি করেছে, এর আগে তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে সরকার সমর্থকরা।
জরুরি সেবাদানকারী একটি সংস্থার এক কর্মচারী জানিয়েছেন, সরকারবিরোধী ও সরকার সমর্থকদের এই সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৪৫ ঘ.
bdnews24