২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইয়েমেনি জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা

সোমালি জলদস্যুরা এডেন উপসাগর থেকে এবার একটি ইয়েমেনি জাহাজ ছিনতাই করেছে। কেনিয়াভিত্তিক 'ইস্ট আফ্রিকান সিফেয়ারারস অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম' এর সমন্বয়ক এন্ড্রু এমওয়াংগুরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 08:16 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

নাইরোবি, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সোমালি জলদস্যুরা এডেন উপসাগর থেকে এবার একটি ইয়েমেনি জাহাজ ছিনতাই করেছে। কেনিয়াভিত্তিক 'ইস্ট আফ্রিকান সিফেয়ারারস অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম' এর সমন্বয়ক এন্ড্রু এমওয়াংগুরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এমওয়াংগুরা ইয়েমেনি জাহাজটিকে 'এমভি আমানি' বলে সনাক্ত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। সৌদিআরবের জাহাজ 'দ্য স্টার সাইরিয়ুস' ছিনতাইয়ের ১০ দিন পর নতুন এই জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটল। গত ১৫ নভেম্বর ভারত মহাসাগরের কেনিয়া উপকূলের কাছ থেকে একশ' মিলিয়ন ডলারের তেল ও বিভিন্ন দেশের ২৫ জনক্রুসহ সৌদি তেলট্যাংকার ছিনতাই করে হইচই ফেলে দেয় সোমালি জলদস্যুরা। সৌদি এই তেলট্যাংকারের জন্য প্রথমে তারা ২৫ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে। পরে ১৫ মিলিয়ন চাওয়া হয়েছে। সোমালি ইসলামি দলের মুখপাত্র আব্দিরাহিম ইসে এডো বলেছেন, "সৌদি জাহাজের জন্য দস্যুরা মধ্যস্থতাকারীর মাধ্যমে ১৫ মিলিয়ন ডলার মুক্তিপণ চেয়েছে।" এমওয়াংগুরা জানান, মুক্তিপণ কমে ১৫ মিলিয়ন ডলারে দাঁড়ানোর খবরটি তার সূত্রও নিশ্চিত করেছে। সৌদি জাহাজটি থেকে এক দস্যু বিবিসিকে ফোনে জানিয়েছেন, কোন জাহাজ কোম্পানি এখনও তাদের সঙ্গে যোগাযোগ করেনি। শুধু কয়েকজন নিজেদের মধ্যস্থতাকারী দাবি করে তাদের সঙ্গে যোগাযোগ করছেন। নিজেকে দায়বাদ নামে পরিচয় দিয়ে দস্যুটি বলেন, "এই মধ্যস্থতাকারীদের বিশ্বাস করা যায় না। আমরা বিশ্বস্ত নয় এমন লোকদের সঙ্গে কোনো চুক্তিতে যেতে চাই না।" এ বছর জলদস্যুরা ওই অঞ্চল থেকে বেশ কয়েকটি জাহাজ ছিনতাই করে কোটি কোটি ডলার মুক্তিপণ আদায় করছে। জলদস্যুদের কারণে এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথ এড়িয়ে ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে জাহাজগুলো। ফলে জাহাজ কোম্পানিগুলোর খরচ বেড়ে গেছে। জাহাজগুলোর নিরাপত্তার জন্য বিভিন্ন দেশ ওই অঞ্চলে নৌসেনা মোতায়ন করছে। এর পরেও নিয়মিতভাবে জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং জলদস্যুদের কাছে এখনো প্রায় ২০০ জিম্মিসহ ১২ টি জাহাজ আটক রয়েছে। গত সপ্তাহে ইরানের ভাড়া করা একটি জাহাজ ছিনতাই হওয়ার পর ইরানি যোগাযোগ উপমন্ত্রী আলি তাহেরি জানান, প্রয়োজন হলে ইরান জলদস্যুদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে। ইরানি মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সংবাদপত্র 'ইবতেকার' জানায়, "এই বিষয়গুলোকে শক্তভাবে মোকাবেলা করা উচিত বলে মনে করে ইরান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪১০ ঘ.