২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বমন্দার আঁচ লেগেছে ভারতের পর্যটন শিল্পে

"ইনক্রেডিবল ইন্ডিয়া"- বিদেশিদের আকৃষ্ট করতে ভারতের দৃষ্টিকাড়া বিজ্ঞাপন এটি। কিন্তু "অপরূপ ভারতের" এই প্রচারণায় এখন আর সাড়া মিলছে না তেমন। বিশ্বে গত ৮০ বছরের মধ্যে মারাত্মক অর্থনৈতিক সংকট, ভারতের বাজারে তেলের উচ্চমূল্য এবং জঙ্গিদের হামলা- এসব কারণে পর্যটকদের আসা কমে যাচ্ছে দেশটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "ইনক্রেডিবল ইন্ডিয়া"- বিদেশিদের আকৃষ্ট করতে ভারতের দৃষ্টিকাড়া বিজ্ঞাপন এটি। কিন্তু "অপরূপ ভারতের" এই প্রচারণায় এখন আর সাড়া মিলছে না তেমন। বিশ্বে গত ৮০ বছরের মধ্যে মারাত্মক অর্থনৈতিক সংকট, ভারতের বাজারে তেলের উচ্চমূল্য এবং জঙ্গিদের হামলা- এসব কারণে পর্যটকদের আসা কমে যাচ্ছে দেশটিতে। কয়েক বছর ধরে ভারতে দেশি ও বিদেশি পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় পর্যটন শিল্প দুই অংকের প্রবৃদ্ধির তাপ উপভোগ করছিল। কিন্তু পর্যটন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গেলো অক্টোবর মাসে বিদেশি পর্যটকের আসা গত বছরের একই মাসের তুলনায় বেড়েছে মাত্র ১ দশমিক ৮ শতাংশ। শঙ্কিত হয়ে ভারত সরকার তাই দ্রুত হোটেলগুলোকে তাদের ভাড়া ও অন্যান্য সেবার মূল্য ১০ থেকে ১৫ শতাংশ কমানোর তাগিদ দিয়েছে। সরকার আশা করছে, এতে ব্যয় কমায় পর্যটকদের আসা বাড়বে। 'টমাস কুক ইন্ডিয়া লিমিটেড' এর ব্যবস্থাপনা পরিচালক মহাদেব মেনন বলেন, "পর্যটন মৌসুমের শুরুতেই বাজার সংকুচিত হয়ে পড়ার ভয়ে আছি আমরা।" আরও কয়েকটি কারণেও ভারত তার বিশাল সম্ভাবনার পর্যটন খাতটিকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) মতে থাকা-খাওয়ার অপর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং দুর্বল অবকাঠামোর কারণে আরও বেশি পর্যটক আকর্ষণ করতে পারছে না দেশটি। বিশালায়তন, বৈচিত্র্য, মনোরম দৃশ্যপট, ঐতিহাসিক স্থানের বিপুল সমাহার সত্ত্বেও বিশ্বে ছুটি কাটানোর স্থানের পছন্দের তালিকায় ভারতের অবস্থান এখনো ৪২ নম্বরে। ইউএনডব্লিউটিও' এর এই তালিকা অনুযায়ী, ভারতের অবস্থান তার চেয়ে অনেক ছোট দেশ বেলজিয়াম (৩৩ তম) এবং হাঙ্গেরিরও (২৬ তম) নিচে। এ সত্ত্বেও ভারতে পর্যটন খাত থেকে আসে দেশের মোট দেশজ উৎপাদনের ৬ শতাংশ। ৪ কোটিরও বেশি মানুষ কাজ করছে এই শিল্পে। ভারতে শীতের পদধ্বনির সঙ্গে শুরু হয়ে গেছে পর্যটন মরশুম। অক্টোবরে তাজমহল ঘুরে দেখেছে ৩ লাখের বেশি দেশি-বিদেশি পর্যটক। গত বছর ৫০ লাখ বিদেশি পর্যটক পা রেখেছিল ভারতে। এদের অনেকে এসেছিল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে। বর্তমান বিশ্ব মন্দার তীব্র ঝাপটা লেগেছে দেশদুুটিতে। ভারতের ট্রাভেল এজেন্ট ও হোটেল মালিকরা তাই প্রমাদ গুণছেন। কাগজপত্রে এখনো পর্যটকদের আসার সংখ্যা বেশি দেখালেও ট্রাভেল অপারেটররা বলছেন, এতে ফাঁকি আছে। বিদেশির অনেকে কয়েক মাস আগেই হোটেল বুকিং দিয়েছেন যখন আর্থিক সংকট তীব্র হয়ে উঠেনি। পরিস্থিতির অবনতি ঘটায় তাদের অনেকেই আর আসছেন না। ট্যুরএইডের মাহতাম সিং বলেন, "গত বছরের চেয়ে খুব কম লোকই এবছর পর্যটন মরশুম সম্পর্কে আমাদের কাছে খোঁজ খবর নিচ্ছে। " মরূরাজ্য রাজস্থানের বিলাসবহুল রাজ প্যালেস হোটেল বলেছে, ব্রিটিশ ও মার্কিন পর্যটকদের "মারাত্মক শূন্যতা" পূরণে তারা রাশিয়া ও মধ্যপ্রাচ্যের অতি ধনীদের তাদের হোটেলে আসার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০২ ঘ.