২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার নির্বাচনে শ্যাভেজ জয়ী হলেও এগিয়েছে বিরোধীরা

ভেনেজুয়েলায় রোববার গভর্নর নির্বাচনে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের বাম-পন্থি 'সোশ্যালিস্ট পার্টি' বেশির ভাগ প্রদেশে জয়ী হয়েছে। তবে বিরোধীদলও এ নির্বাচনে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। দুটি জনবহুল প্রদেশসহ মোট তিনটিতে জয় পেয়েছে তারা। রাজধানী কারাকাসের মেয়র পদটিও ছিনিয়ে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

কারাকাস, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলায় রোববার গভর্নর নির্বাচনে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের বাম-পন্থি 'সোশ্যালিস্ট পার্টি' বেশির ভাগ প্রদেশে জয়ী হয়েছে। তবে বিরোধীদলও এ নির্বাচনে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। দুটি জনবহুল প্রদেশসহ মোট তিনটিতে জয় পেয়েছে তারা। রাজধানী কারাকাসের মেয়র পদটিও ছিনিয়ে নিয়েছে তারা। এতে করে ওপেকভুক্ত দেশটিতে বিরোধীদল শ্যাভেজের আধিপত্যকে চ্যালেঞ্জ করার ক্ষমতা পেল। সরকারের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে। এতে দেখা গেছে, শ্যাভেজের দল ২২টি প্রদেশের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে। বিরোধীদল রাজধানী কারাকাসের চারপাশের মেট্রোপলিটন এলাকার ২টি জনবহুল প্রদেশে এবং কারাকাসের মেয়র পদে জয়ী হয়েছে। সোমবার রাতে বাকী দুটি প্রদেশের ফল ঘোষণার কথা রয়েছে। তবে দুটি প্রদেশেই বিরোধী দলীয় প্রার্থীরা জয় দাবি করেছে। নির্বাচনের ফলাফল শ্যাভেজের আইনি সংস্কারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ২২টি প্রদেশের মধ্যে ২১টি এবং কারাকাসের মেয়র পদটি এতদিন শ্যাভেজের দল ও মিত্রদের অধিকারে ছিল। শ্যাভেজ নির্বাচনে জয় দাবি করেছেন। রপ্তানি পণ্য তেল থেকে আয় কমে যাওয়া সত্ত্বেও সোশ্যালিজমের পথে অবিচল থাকার অঙ্গীকার করেছেন তিনি। শ্যাভেজ প্রায় এক দশক ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন এবং গরিবদের জন্য অবাধে অর্থব্যয়ের কারণে জনপ্রিয়তাও পেয়েছেন । নির্বাচনের ফল ঘোষণার পর দলের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে শ্যাভেজ বলেন, "বিপ্লবের আগুন আজও তেজোদ্দীপ্ত। দলের জন্য এ এক বিশাল জয়। সোশ্যালিজম গড়ে তোলার পথ নির্বাচনে অনুমোদন পেয়েছে... এখন আমরা এ পথে আরও এগিয়ে যাওয়ার ওপর জোর দেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/এমএইচবি/১৬৩০ ঘ.