২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণে সম্পদশালী হচ্ছে সোমালিয়ার জলদস্যুরা

সোমালিয়ার ভারত সাগর উপকূলবর্তী জলদস্যু শিবিরগুলোতে বয়স্কদের প্রতিটি সকাল শুরু হয় কড়া কফির কাপে চুমুক দিয়ে এবং কানে মোবাইল ফোন ধরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

বোসাসো, সোমালিয়া, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার ভারত সাগর উপকূলবর্তী জলদস্যু শিবিরগুলোতে বয়স্কদের প্রতিটি সকাল শুরু হয় কড়া কফির কাপে চুমুক দিয়ে এবং কানে মোবাইল ফোন ধরে। মোবাইলে তারা সাগরে জলদস্যুদের কাছ থেকে সর্বশেষ খবর শোনার জন্য উদগ্রীব থাকে। জানতে চায়, নতুন কোনো জাহাজ ছিনতাই করা গেছে কি-না, মুক্তিপণ আদায়ের কোনো খবর আছে কি-না। যে পশ্চিমা যুদ্ধজাহাগুলো তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেগুলোর খবরই বা কি? গত সপ্তাহে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তেলসহ সৌদি ট্যাংকার অপহরণের পর সোমালিয়ার জলদস্যুতার বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। বড় বড় মুক্তিপণের অর্থে দ্রুত ঝলমলে হয়ে উঠছে সোমালিয়ার সমুদ্রপাড়ের জেলে বসতিগুলো। জলদস্যুদের অর্থায়নে সেখানে উন্নয়নের সঙ্গে সঙ্গে ঘটছে ব্যবসা-বাণিজ্যের প্রসার। গড়ে উঠছে বিলাসবহুল হোটেল। আর এই জলদস্যুরা সেখানে রাতারাতি রীতিমত সেলিব্রেটি হয়ে উঠছে। দেশটির অন্যান্য অংশ থেকেও বিনিয়োগকারীরা সেখানে অর্থ খাটাচ্ছে। জলদস্যুদের অন্যতম শক্ত ঘাঁটি আইল থেকে দস্যুদলের সদস্য বশির আবদুল্লে টেলিফোনে রয়টার্সকে বলেন, "এখানে এমন অনেক জলদস্যু আছে যারা কখনওই বন্দুক নিয়ে সমুদ্রে যায়নি। কিন্তু দস্যুবৃত্তির কাজে লাগানোর জন্য নৌকাসহ প্রয়োজনীয় সবকিছু কাজে লাগিয়ে তারা কাড়িকাড়ি অর্থ বানাচ্ছে।" বছর তিনেক আগে সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোমালিয়ায় মাত্র পাঁচটি জলদস্যু দল এবং তাদের অধীনে শ' খানেক বন্দুকধারী জলদস্যু আছে। কিন্তু এখন বিশেষজ্ঞদের অনুমান, সেখানে ১২ শ'র বেশি জলদস্যু কাজ করছে। অনেক বিশেষজ্ঞ এমনও ইঙ্গিত দিয়েছেন, ইয়েমেনের ইডেন উপসাগরে গত কয়েক বছরের অপহরণের ঘটনার সঙ্গে এই জলদস্যুদের যোগাযোগ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫০ ঘ.