রামাল্লাহ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার বলেছেন, এ বছরের শেষ নাগাদ প্রতিদ্বন্দ্বী দল হামাসের সঙ্গে কোনও সংহতি চুক্তি না হলে তিনি প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন ডাকবেন। আব্বাসের এই বক্তব্য তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে হামাস।
পিএলও'র সদস্যদেরকে আব্বাস বলেন, তিনি আগামী বছরের শুরুতে একটি ডিক্রি জারি করবেন। এরপর ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে পারে। তবে ঠিক কখন নির্বাচন হবে তা তিনি বলেননি।
আব্বাস বলেন, "হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আগামী বছরের শুরুতে আমি অবিলম্বে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন ডাকব।"
আব্বাসের এ কথার প্রতিক্রিয়ায় হামাসের মুখপাত্র ফৌজি বারহোম বলেন, "এটি একটি অবৈধ এবং অসাংবিধানিক আহ্বান। এর মধ্য দিয়ে তার আলোচনা নস্যাৎ করার অভিপ্রায়ই প্রকাশ পাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২২ ঘ.
bdnews24