২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম মার্কিন সেনা প্রত্যাহার প্রশ্নে ইরাকের হুঁশিয়ারি

২০১১ সালের আগেই মার্কিন সেনাদের ইরাক ছাড়ার বিপদ সম্পর্কে শনিবার হুঁশিয়ার করে দিয়েছেন ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আব্দুল কাদের জসিম। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের নিরাপত্তা চুক্তিতে ২০১১ সালের শেষে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

বাগদাদ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০১১ সালের আগেই মার্কিন সেনাদের ইরাক ছাড়ার বিপদ সম্পর্কে শনিবার হুঁশিয়ার করে দিয়েছেন ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আব্দুল কাদের জসিম। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের নিরাপত্তা চুক্তিতে ২০১১ সালের শেষে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা আছে। কিন্তু কাদের জসিম বলেন, ওই সময়ের আগে মার্কিন সেনারা ইরাক ছাড়লে এর পরিণতিতে দেশের তেল রপ্তানী হুমকির মুখে পড়বে, প্রতিবেশী দেশগুলোর ইরাকে অবৈধ হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে এবং বিদেশি চররা অবাধে বিচরণ করবে। বাগদাদে এক সংবাদ সম্মেলনে জসিম বলেন, "সময়মত মার্কিন সেনা প্রত্যাহার হলে আমরা সবক্ষেত্রেই সক্ষমতা বাড়ানোর পর্যাপ্ত সময় পাব।" ২০১১ সাল পর্যন্ত মার্কিন সেনাদের ইরাকে থাকার বৈধতা দিয়ে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির বিরোধিতা করে শিয়া নেতা মুকতাদা আল সদরের হাজার হাজার অনুসারী বাগদাদে বিক্ষোভ করার একদিন পর জসিম ওই মন্তব্য করলেন। ইরাকের মন্ত্রিসভা রোববার চুক্তিটি অনুমোদন করেছে। আগামী সপ্তাহে ইরাকের পার্লামেন্টে চুক্তিটি নিয়ে ভোটাভুটির কথা রয়েছে। যদিও আইনপ্রণেতারা অধিবেশনে বিলম্বের আভাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৮ ঘ.