২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট নিরসনে মুক্ত-বাণিজ্যের অঙ্গীকার এপেক সম্মেলনে

বিশ্বব্যাপী চলমান আর্থিক সংকট মোকাবেলায় মুক্ত-বাণিজ্য চুক্তি এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের অঙ্গীকার করেছেন এশিয়া ও আমেরিকার নেতারা। পেরুর রাজধানী লিমায় 'এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন' (এপেক) এর দুই দিনের সম্মেলনে নেতারা শনিবার এ অঙ্গীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

লিমা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- বিশ্বব্যাপী চলমান আর্থিক সংকট মোকাবেলায় মুক্ত-বাণিজ্য চুক্তি এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের অঙ্গীকার করেছেন এশিয়া ও আমেরিকার নেতারা। পেরুর রাজধানী লিমায় 'এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন' (এপেক) এর দুই দিনের সম্মেলনে নেতারা শনিবার এ অঙ্গীকার করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, জাপানের প্রধানমন্ত্রী তারো আসোসহ ২১ জাতি- এপেক জোটের অন্য সদস্যরাও জানিয়েছেন, তারা আগামী ১২ মাস নতুন করে কোনও বাণিজ্য বাধা আরোপ করবেন না। লিমা সম্মেলন থেকে এক যৌথ বিবৃতিতে এপেক নেতারা জানান, রক্ষণশীল আচরণ চলমান সংকটকে আরও ঘণীভূত করবে। বিশ্বের আর্থিক কর্মকাণ্ডের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করে এপেক। বিবৃতিতে বলা হয়, "অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতিতে অনেক দেশ রক্ষণমূলক পদক্ষেপ নিতে পারে, এতে সংকট আরও বাড়বে।" আর্থিক সংকট সমাধানে মুক্ত বাণিজ্যের ওপর নির্ভর করার জন্য প্রেসিডেন্ট বুশ এপেক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে এটাই বুশের নির্ধারিত শেষ বিদেশ সফর। বুশ বলেন, "এই ভয়াবহ আর্থিক দুরবস্থার মুখে আমাদের সবার একসঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।" এপেক নেতাদের যৌথ বিবৃতিতে বলা হয়, "ওয়াশিংটন ঘোষণার প্রতি আমরা দৃঢ় সমর্থন জানাচ্ছি। একই সঙ্গে আগামী ১২ মাস বিনিয়োগ ও পণ্য বা সেবার আমদানি রপ্তানির ওপর নতুন বিধি-নিষেধ আরোপ থেকে আমরা বিরত থাকব।" এপেক নেতারা আরও জানান, বিশ্ব মুক্ত বাণিজ্য চুক্তির দোহা রাউন্ডের অচলবস্থা কাটাতে তারা আগামী মাসে একটি খসড়া চুক্তিতে সম্মত হওয়ার জোর প্রচেষ্টা চালাবেন। আর্থিক সংকট মোকাবেলায় অনেক দেশে যখন জরুরি সহায়তা প্রয়োজন সেই অবস্থায় আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের পরিকল্পনায়ও সমর্থন দেন এপেক নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১৫ ঘ.