ধর্মশালা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আধ্যাত্মিক নেতা দালাই লামার 'মধ্যপন্থার চীনা নীতি'র বিকল্প খুঁজতে ব্যর্থ হয়ে তার নীতির পক্ষেই সমর্থন দিয়েছে নির্বাসিত তিব্বতিরা। ভারতের ধর্মশালা থেকে তিব্বতের নির্বাসিত সরকার শনিবার একথা জানিয়েছে।
নির্বাসিত তিব্বতি পার্লামেন্টের স্পিকার কর্ম চোফেল বলেন, "আমরা মধ্যপন্থাই অনুসরণ করে যাব এবং কিছু দিনের মধ্যে যদি কোনো সাফল্য না পাওয়া যায় তাহলে তখন স্বাধীনতাসহ বিকল্প পন্থা বিবেচনা করা যাবে।"
একই সঙ্গে তিব্বত ইস্যুতে চীনের অবস্থান পরিবর্তনের অপেক্ষায় থেকে সংগ্রাম চালিয়ে যাওয়ার চেষ্টা আরও দ্বিগুণ করা, ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ থাকার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ধরে রাখার অঙ্গীকার করেছেন নির্বাসিত নেতারা।
দালাই লামার 'মধ্যপন্থার নীতি এবং চীনের সঙ্গে তিব্বতের স্বায়ত্তশাসন নিয়ে আলোচনায় অগ্রগতির অভাবে হতাশ হয়ে ভারতের ধর্মশালায় নির্বাসিত শ' শ' তিব্বতি ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে গত সোমবার থেকে ছয়দিনের এক বিশেষ বৈঠকে বসে।
বৈঠক চলাকালে গত মঙ্গলবার প্রবাসী তিব্বত সরকারের প্রধানমন্ত্রী সামধোং রিপোচে জানিয়েছিলেন, তিব্বতিরা চীন থেকে তিব্বতের স্বাধীনতা দাবি করতে পারে। কারণ, বৈঠকে কেউ কেউ দালাই লামার তিব্বতের বৃহত্তর স্বায়ত্তশাসন দাবির পরিবর্তে তিব্বতের পরিপূর্ণ স্বাধীনতা দাবি করেছেন বলে জানান তিনি।
কয়েকটি তিব্বতি দল চীনকে দু'বছরের মধ্যে তিব্বত ইস্যু সমাধানের আল্টিমেটাম দিয়ে তা পূরণ না হলে আরও জোরাল প্রতিবাদ বিক্ষোভে নামার প্রস্তাবও করেছে বৈঠকে। কিন্তু বেশির ভাগ তিব্বতি অহিংস আন্দোলনের পক্ষে রায় দেওয়ায় দালাই লামার মধ্যপন্থার নীতির বিকল্প কোনও পন্থা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া যায়নি।
চীনা কর্মকর্তারা এ মাসে দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিব্বতের স্বায়ত্তশাসনের দাবি নাকচ করেছেন।
স
bdnews24