শিকাগো, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা তার অর্থমন্ত্রী পদে টিমোথি গেইদনারকে নিয়োগ দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতির খাড়া-পতন সামাল দিতে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের প্রধান গেইদনারের ওপরই আস্থা রাখছেন ওবামা।
৪৭ বছর বয়সী গেইদনারের পাশাপাশি গুরুত্বপূর্ণ পদটির জন্য বিল ক্লিনটন আমলের অর্থমন্ত্রী লরেন্স সামার্সও ছিলেন অন্যতম প্রার্থী। শুক্রবার তাকে পেছনে ফেলে গেইদনারের এগিয়ে যাওয়ার খবর প্রথমে প্রকাশ করে এনবিসি নিউজ।
তবে সামার্সকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন বারনানকে'র স্থলাভিষিক্ত করতে পারেন ওবামা। ডেমোক্র্যাট দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে বারনানকের মেয়াদ শেষ হবে।
গেইদনারের অর্থমন্ত্রী হওয়ার খবরে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সূচকও বেড়ে গেছে। ছয় শতাংশেরও বেশি বেড়েছে প্রধান সূচকগুলো। ডাউ জোনস গড় শিল্পসূচক আট হাজারেরও বেশি পয়েন্ট নিয়ে দিনশেষ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪০৭ ঘ.
bdnews24