ডেরা ইসমাইল খাঁ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর ডেরা ইসমাইল খাঁয়ে শুক্রবার একজন শিয়া মুসলমানের দাফন অনুষ্ঠানে বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।
আহত হয়েছে ৪০ জনেরও বেশি।
বোমা হামলার পর নিহতদের লাশ ও আহতদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বন্দুক যুদ্ধ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছাড়ে। হাসপাতালে উপস্থিত সাংবাদিকরা এই তথ্য জানিয়েছেন।
দাফন অনুষ্ঠানটি হচ্ছিল আগের দিন হতাকাণ্ডের শিকার হওয়া একব্যক্তির। কিন্তু শুক্রবার সকালেও শহরটিতে একজন শিয়া ধর্মীয় নেতাকে হত্যা করা হয়।
হাসপাতাল থেকে ফোনে তৌকির জাইদি নামে এক ব্যক্তি বার্তা সংস্থাকে বলেন, "আমাদের একজন গতকাল এবং একজন আজ শহীদ হয়েছেন। আমরা দোয়া-দরুদ পড়তে পড়তে লাশের খাটিয়া নিয়ে কবরস্থানে যাওয়ার সময় বোমা হামলাটি চালানো হয়।"
বিস্ফোরণটি আত্মঘাতি হামলা না বোমা পেতে রাখার জন্যে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হোসেন রয়টার্সকে নিহতের সংখ্যা ১০ ও আহতের সংখ্যা ৩০ জানিয়েছেন। তবে প্রধান সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন, আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
ডেরা ইসমাইল খাঁ শহরটিতে প্রায়ই সুন্নি ও শিয়া জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘাত বেধে যায়। শহরটি তালেবানদের সমর্থক আদিবাসীদের অঞ্চল দক্ষিণ ওয়াজিরিস্তান প্রদেশের সীমান্তে অবস্থিত।
এই শহরেই আরেকজন নেতাকে হত্যার প্রতিবাদে গত ২১ আগস্ট শিয়াদের শোকসমাবেশে আত্মঘাতি বোমা হামলায় নিহত হয় ২৩ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৯ ঘ.
bdnews24