অটোয়া, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অতিরিক্ত মোটা মানুষের জন্য একটু স্বস্তির খবর হচ্ছে, কানাডার মধ্যে চলাচল করা বিমানে তারা এক টিকেটে দুই আসন নিয়ে ভ্রমণ করতে পারবে। বৃহস্পতিবার কানাডার সুপ্রিম কোর্টের আদেশে স্বীকৃতি পেয়েছে এই অধিকার।
"চলাফেরা করতে কার্যত অক্ষম মোটা লোকদের" জন্য একটির ভাড়ায় দুই আসন পাওয়ার সিদ্ধান্তটি নিয়েছিল কানাডার ট্রান্সপোর্টেশন অথরিটি। এর বিরুদ্ধে দেশটির তিনটি বিমান সংস্থা- এয়ার কানাডা, এয়ার কানাডা জ্যাজ ও ওয়েস্ট জেট আপিল করতে চাইলে হাইকোর্ট তা শুনতে অস্বীকৃতি জানায়।
বিমান সংস্থাগুলো এরপর গত মে'তে ফেডারেল কোর্টে আপিল করে পরাজিত হয়। মরিয়া হয়ে তারা সর্বোচ্চ আদালত সুুপ্রিম কোর্টে আপিল দায়ের করার আবেদন করে।
কিন্তু সুপ্রিম কোর্টও আবেদন শুনতে অস্বীকৃতি জানালে তাদের সর্বশেষ চেষ্টাটি ব্যর্থ হয়। চূড়ান্তভাবে জয়ী হয় মোটা মানুষের জন্যে "এক টিকেটে দুই আসন নীতিমালা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৫২ ঘ.
bdnews24