জেরুজালেম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যে প্রস্তাবিত আরব শান্তি পরিকল্পনার পক্ষে ইসরায়েলে জনমত গড়ে তুলতে এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে 'প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন' (পিএলও)। সংগঠনটি বৃহস্পতিবার ইসরায়েলি কয়েকটি পত্রপত্রিকায় এ বিষয়ে বিজ্ঞাপন দিয়েছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল পিএলও ইসরায়েলের প্রধান চারটি পত্রিকায় হিব্র" ভাষায় এক পাতাজুড়ে এই বিজ্ঞাপন দিয়েছে। এতে প্রস্তাবিত আরব শান্তি পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ২০০২ সালে প্রস্তাবিত এ পরিকল্পনায় ইসরায়েলের পক্ষ থেকে কখনোই তেমন আগ্রহ দেখা যায়নি।
বিজ্ঞাপনে বলা হয়েছে, "ইসরায়েল এই শান্তি পরিকল্পনা মেনে নিলে এবং অধিকৃত এলাকা ছেড়ে দিলে আবর রাষ্ট্রগুলোসহ ৫৭টি মুসলিম দেশ তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে এবং স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।"
বিজ্ঞাপনটিতে ফিলিস্তিন ও ইসরায়েলের পতাকা পাশাপাশি ছাপা হয়েছে।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঊর্ধ্বতন সহযোগী ইয়াসির আবেদ রাব্বো জানিয়েছেন, এই প্রচারণার উদ্দেশ্যে ইসরায়েলিদের শান্তি পরিকল্পনার বিষয়ে অবহিত করা।
তিনি বলেন, "ইসরায়েলের কট্টরপন্থিরা পরিকল্পনাটি ভুলভাবে ইসরায়েলের বিরুদ্ধে আরব ষড়যন্ত্র হিসেবে প্রচার করে আসছে।"
উল্লেখ্য, ২০০২ সালে আরব লিগের প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, ইসরায়েল এই পরিকল্পনা মেনে নিয়ে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে অধিকৃত গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমি ছেড়ে দিলে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩৬ ঘ.
bdnews24