ইসলামাবাদ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তান বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত অ্যান প্যাটারসনকে ডেকে জঙ্গি অবস্থানগুলোতে দ্রোন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের মাটিতে সন্দেহজনক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জঙ্গি নিহত হওয়ার পরদিনই এই প্রতিবাদ জানানো হল।
গত তিনমাসে পাকিস্তানে এরকম অন্ততপক্ষে ২০ টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে করে পাকিস্তান থেকে আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র অধৈর্য হয়ে পড়ছে এবং পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-কায়েদা যোদ্ধারা পশ্চিমা বিশ্বে হামলা করতে পারে এমন উদ্বেগ বাড়ছে বলেই প্রতীয়মান হচ্ছে।
পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ধরনের হামলা দেশের স্বার্বভৌমত্ব ক্ষুন্ন করছে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে জনগণের সমর্থন পাওয়ার সরকারি চেষ্টা ব্যাহত হচ্ছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ থাকার যৌক্তিকতা নির্ণয়ও কঠিন হয়ে পড়ছে।
বুধবার বান্নু জেলার একটি আবাসিক এলাকায় দুটি মার্কিন দ্রোন ক্ষেপণাস্ত্র হামলার কড়া নিন্দা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশির। পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, "এ হামলা বন্ধ হতেই হবে।"
পাকিস্তানের মার্কিন দূতাবাসের এক মুখপাত্র রাষ্ট্রদূতকে তলব করার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তান সরকারের যে কোনও বার্তাই ওয়াশিংটনকে জানানো হবে। এ ব্যাপারে মুখপাত্র বিস্তারিত আর কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫২ ঘ.
bdnews24