কাবুল, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান সীমান্তের পশতুন আদিবাসীরাই আফগানিস্তানে সংঘাত বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার চাবিকাঠি-- এ ব্যাপারে সবাই একমত। কিন্তু পশতুনরা কিভাবে শান্তি প্রতিষ্ঠার দ্বার খুলবে- সে দিশা কেউ দিতে পারছে না।
পশতুনরা আফগানিস্তানের সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠি। আবার তালেবানদের অধিকাশই পশতুন। এদের বাস দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে। এই অঞ্চলেই তালেবান জঙ্গি তৎপরতা বেশি।
আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল এবং পাকিস্তানের সহিংসতা বিক্ষুব্ধ উত্তর-পশ্চিম এলাকাতেও পশতুনদের বাস রয়েছে। এর মধ্যে পাকিস্তানের পশতুনরা গোঁড়া মুসলিম। তারা অনেক বেশি স্বাধীনচেতা এবং অস্ত্রের দিক দিয়েও সুসজ্জিত।
অফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই নিজেও একজন পশতুন। তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার জন্য কয়েক বছর ধরে তিনি আদিবাসী মিলিশিয়াদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আসছেন। এ জন্য তিনি পশতুন আদিবাসী নেতাদের ক্ষুদ্রাস্ত্র ও অর্থের যোগানও দিচ্ছেন।
কিন্তু প্রেসিডেন্টের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে আসছে পার্লামেন্ট সদস্যরা। তাদের দাবি এতে হিতে বিপরীত হবে। অর্থ ও অস্ত্র দিয়ে যাদের গড়ে তোলা হচ্ছে তারাই একদিন বেঁকে বসবে। তাদের থেকে সহযোগিতা পাবে তালেবানরা।
আফগানিস্তানে পশ্চিমা সেনার সংখ্যা একদিকে যখন ৭০ হাজার ছাড়িয়ে যাচ্ছে, তালেবান বিদ্রোহও তখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর মার্কিন বাহিনীও স্বীকার করছে যে, আফগানিস্তানে তাদের জয় দিন দিন অসম্ভব হয়ে পড়ছে।
এ অবস্থায় তালেবান বিদ্রোহ রুখতে এবং স্থিতিশীলতা অর্জনের জন্য মার্কিন সেনারাও এখন আফগানিস্তানে স্থানীয় নেতাদের মধ্যে সংহতি স্থাপনের ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে তাদের এই ফর্মূলা ইরাকে বেশ কাজ দিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে ইরাকি ও মার্কিন সেনাদের সঙ্গে সুন্নি আদিবাসীরা যোগ দেওয়ায় সহিংসতা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর শীর্ষ সেনা কমান্ডার জেনারেল ডেভিড ম্যাককিরম্যান গত সপ্তাহে সুপারিশ করেছেন, আফগানিস্তানে সফল হতে চাইলে সেখানের স্থানীয় নেতাদের ক্ষমতায়ন করতে হবে এবং তাদের মধ্যে সংহতি গড়ে তুলতে হবে।
তবে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগানোর জন্য আদিবাসীদের অস্ত্র সরবরাহ করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন ম্যাককিরম্যান।
তা সত্ত্বেও পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট কারজাইয়ের পরিকল্পনা অনুরসণ করে আদিবাসীদের অস্ত্র দিয়ে সহায়তা করার পক্ষে। প্রেসিডেন্টের প্রধান মুখপাত্র একথা জানিয়েছেন।
মুখপাত্র হুমাহুন হামিদজাদা বলেন, "এখন আমাদের পশ্চিমা মিত্ররাও চাইছেন আদিবাসীদের কাজে লাগাতে। আদিবাসীদের সহযোগিতা ছাড়া নিরাপত্তা পরিস্থিতির উন্নতি কঠিন বলে তারা মনে করছে।"
আঞ্চলিক নেতা এবং সাবেক তালেবান সদস্যদের সংহতি ও তাদের ক্ষমতায়নের বিস্তারিত পরিকল্পনা পেশ করে ম্যাককিরনান জানান, শুরা ও আদিবাসীদের কাউন্সিলে এদের অন্তর্ভূক্তির বিষয়ে তিনি ইতোমধ্যে আফগান মন্ত্রিদের সঙ্গে আলোচনা করেছেন।
কাবুল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানী ওয়াদির শফির মতে, শুরাই আদিবাসীদের মন জয়ের প্রক্রিয়ায় কাজে আসতে পারে। এর জন্য তাদের উচিত পশতুন যাজক থকে শুরু করে বুদ্ধিজীবীদের সঙ্গেও আলোচনায় বসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ ঘ.
bdnews24