কাঠমাণ্ডু, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের ক্ষমতাসীন মাওবাদীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগের প্রতিবাদ বিক্ষোভে বৃহস্পতিবার অচল হয়ে পড়ে রাজধানী কাঠমাণ্ডু। দোনকপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ বন্ধ ছিল; যানবাহন চলাচল করেনি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে মানুষ।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ গত সপ্তাহে দুই যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। গত মাসে কাঠমাণ্ডু সংলগ্ন একটি জেলা থেকে ওই দুই যুবককে তুলে নিয়ে গিয়েছিল মাওবাদীদের যুব সংগঠন 'ইয়ং কমিউনিস্ট লীগ' (ওয়াইসিএল)।
ওয়াইসিএল'র এর বিরুদ্ধে আগেও অপহরণ এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ থাকলেও এ ঘটনায় তারা জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটি। হত্যাকাণ্ডের অভিযোগকে তারা ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
ওয়াইসিএল প্রধান গনেশ মান পুন রয়টার্সকে বলেন, "এ ঘটনা তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া হবে।"
নিহতদের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচলের বন্ধের ডাক দেওয়া হয়। একই সঙ্গে তারা ক্ষতিপূরণ দাবি করেছে।
বিক্ষোভকারীরা মাওবাদী বিরোধী শ্লোগান দিতে দিতে রাস্তায় বিক্ষোভ করে। এ সময় অসংখ্য দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল।
পুলিশ কর্মকর্তা পবন খাড়কা বলেন, "সবাই তাদের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভে যোগ দিয়েছে। এ সময় রাস্তাঘাট যানবাহন শুণ্য হয়ে পড়ে।"
ব্যাংক ও সরকারি অফিস-আদালত খোলা থাকলেও কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। যারা অফিসে গেছে তাদেরও হেঁটে যেতে হয়েছে।
২০০৬ সালে সরকারের সঙ্গে মাওবাদীদের এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে নেপালে দীর্ঘ দিনের সহিংসতার অবসান ঘটে। এরপর গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে মাওবাদীরা। অবসান ঘটে দেশটির প্রায় ২৪০ বছরের রাজতন্ত্রের। নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24