মায়ামি, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমেরিকার এক কিশোরি হৃদপিণ্ড ছাড়াই চারমাস কাটিয়ে দিয়েছে; কৃত্রিম রক্ত-পাম্প করার যন্ত্রের মাধ্যমে এতদিন বাঁচিয়ে রাখার পর তার শরীরে হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামির চিকিৎসকরা বুধবার জানিয়েছেন এই তথ্য।
চিকিৎসকরা বলেছেন, জার্মানিতে একজন পূর্ণবয়ষ্ক লোককে নয় মাস এভাবে বাঁচিয়ে রাখার খবর তারা জানেন। তবে কিশোর বয়সের একজনকে এভাবে এতদিন বাঁচিয়ে রাখা সম্ভবত এটাই প্রথম।
দুটি মেশিনের অনবরত পাম্প করা রক্তের মাধ্যমে বেঁচে থাকা ছিল "ভীতিকর" এক অভিজ্ঞতা- সাউথ ক্যারোলাইনার ডি'ঝানা সিমোনস নামের মেয়েটি জানায়। ইউনিভার্সিটি অব মায়ামির জ্যাকসন মেমোরিয়্যাল সেন্টারে সংবাদ সম্মেলনে সে ফিসফিস শব্দে বলে, "যে কোনসময় যন্ত্র দুটিতে ত্র"টি দেখা দিতে পারত।"
"মনে হচ্ছিল আমি সত্যিকারের মানুষ না। যেন আমার অস্তিত্বই ছিল না।"
১৪ বছর বয়সী সিমনস 'ডাইলেটেড কার্ডিয়োমায়োপেথি'তে আক্রান্ত হলে তার হৃদপিন্ড দুর্বল ও বড় হয়ে যেতে থাকে। সেটি ঠিকমতো রক্ত পাম্প করতে পারছিল না।
গত ১২ জুলাই মায়ামির আরেকটি হাসপাতালে দাতার দেওয়া নতুন হৃদপিণ্ড তার শরীরে প্রতিস্থাপন করা হয়। কিন্তু সেটি ঠিকমতো কাজ না করায় দ্রুত তা সরিয়ে ফেলে যন্ত্রের আশ্রয় নেন চিকিৎসকরা। ২৯ অক্টোবর নতুন আরেকটি হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে তার শরীরে।
হাসপাতালের পেডিয়াট্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মার্কো রিচি বলেছেন, " সিমোনস মূলত হৃদপিণ্ড ছাড়াই বেঁচে ছিল। তার রক্ত সঞ্চালনটি শুধু আমরা চালিয়ে গিয়েছিলাম দুটি পাম্পের মাধ্যমে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১৩ ঘ.
bdnews24