ওয়াশিংটন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতা ঠেকাতে সাবেক তালেবান সদস্যসহ স্থানীয় নেতাদের ক্ষমতায়নের পরিকল্পনা বাতলে দিয়েছেন ন্যাটো ও মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড ম্যাককিরনান।
আফগানিস্তানের জেলা পরিচালনা পরিষদগুলোর জন্য সমর্থনের পক্ষ নিয়ে কথা বলার ম্যাককিরনান বলেন, "আফগানিস্তানে সফল হতে চাইলে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়েই আমাদের কাজ করতে হবে।" এ সমস্ত পরিষদ তালেবানদের প্রত্যাখ্যান করে দেশের নতুন সংবিধান গ্রহণ করতে ইচ্ছুক।
মার্কিন আর্মি জেনারেল ম্যাককিরনান বলেন, স্থানীয় পর্যায়ে, স্থানীয় যোদ্ধাদের মধ্যে, স্থনীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে সংহতি স্থাপন করা গেলে তা খুবই কাজে আসবে।
তিনি বলেন, "ঐতিহাসিকভাবে এ দেশটিতে কেন্দ্রীয় সরকারের শাসন ছিল খুবই সীমিত পর্যায়ে। দীর্ঘদিন ধরে এখানকার শাসন ব্যবস্থা চলে এসেছে আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং স্থানীয় আদিবাসী ব্যবস্থাতেই।"
আঞ্চলিক নেতা এবং সাবেক তালেবান সদস্যদের সংহতি ও তাদের ক্ষমতায়নের বিস্তারিত পরিকল্পনা পেশ করে ম্যাককিরনান জানান, শুরা ও আদিবাসীদের কাউন্সিলে এদের অন্তর্ভূক্তির বিষয়ে তিনি ইতোমধ্যে আফগান মন্ত্রিদের সঙ্গে আলোচনা করেছেন।
মার্কিন সামরিক কর্মকর্তারা ইতোমধ্যে স্বীকার করেছেন, আফগানিস্তান যুদ্ধে জিততে পারছে না। আর কূটনৈতিক, রাজনৈতিক প্রচেষ্টা এবং স্থানীয় জনগণকে উন্নয়ন সহায়তা দেওয়া ছাড়া পশ্চিমা সেনারা আফগানিস্তানে জয়ী হতেও পারবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৭ ঘ.
bdnews24