লন্ডন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিসিসি)- টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শ্বাসনালী প্রতিস্থাপনের যুগান্তকারী সাফল্য অর্জন করেছে চিকিৎসা বিজ্ঞান। রোগীর নিজের স্টেম সেল নিয়েই করা হয়েছে এই অসাধ্য সাধন। স্পেনে করা এই শল্য চিকিৎসায় আরেকটি বড় অর্জন হচ্ছে, প্রথমবারের মতো অন্যের অঙ্গ প্রত্যাখ্যান করেনি গ্রহীতার শরীর। অর্থাৎ এখন থেকে প্রত্যাখ্যানরোধী ওষুধ ছাড়াই অঙ্গ প্রতিস্থাপন করা রোগীদের বেঁচে থাকা সম্ভব হবে।
ভাগ্যবান রোগীটি হচ্ছেন কলোম্বিয়ার দুই সন্তানের মা, ৩০ বছর বয়সী ক্লদিয়া ক্যাস্তিলো। যক্ষ্মায় তার শ্বাসনালীটি ক্ষতিগ্রস্ত হলে অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে। শুরু হয় চিকিৎসাবিজ্ঞানীদের অভিযাত্রা। গত জুনে অস্ত্রোপচারের পর ক্যাস্তিলো এখন স্বাভাবিক জীবনযাপন করছেন। নাইট ক্লাব থেকে চিকিৎসকদের ফোনে জানিয়েছেন, সারারাত ধরে নেচেছেন তিনি।
যেভাবে প্রতিস্থাপন
সদ্য মারা যাওয়া এক দাতার গলা থেকে শ্বাসনালীটি (ট্রাকিয়া) কেটে নেন চিকিৎসকরা। এরপর শক্তিশালী রাসায়নিক ও এনজাইম ব্যবহার করে নালীটির সব সেল ঝরিয়ে ফেলেন। এতে নালীটি শুধু প্রোটিন তন্তুুর ফাঁপা নালীতে পরিণত হয়। এরপর চিকিৎসকরা ক্যাস্তিলোর শ্বাসনালীর ভেতরের দিকের সেল এবং অস্থিমজ্জার স্টেমসেল নিয়ে গবষেণাগারে চারদিন ধরে দাতার নালীটিতে কোষের পুনর্জন্ম ঘটান। এরপর তা প্রতিস্থাপন করা হলে ক্যাস্তিলোর শরীর সেটিকে নিজের অংশই ধরে নেয়।
স্পেনের হসপিটাল ক্লিনিক অব বার্সিলোনায় অস্ত্রোপচারটি করেন অধ্যাপক পাওলো মাচ্চিয়ারিনি। বুধবার সংবাদ সম্মেলনে
তিনি বলেন, "আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। এর আগে এরকম পরীক্ষা আমরা শুধু শুকরের ওপরই চালিয়েছিলাম।"
"তবে নতুন গবেষণাগার থেকে ক্যাস্তিলোর নতুন সেলপূর্ণ শ্বাসনালীটি হাতে পাওয়ার পর আমি আশাবাদী হয়ে উঠি।"
তিনি জানান, সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপনের চারদিনের মাথায় জোড়া লাগানো অংশের সঙ্গে চমৎকার মানিয়ে যায় সেটি। এক মাসের মধ্যে শ্বাসনালীটিতে রক্তচলাচলের নিজস্ব মাধ্যমও গড়ে ওঠে। চার মাসেও তার শরীর ওই অঙ্গটির প্রতি বিদ্রোহের ইঙ্গিত দেয়নি। এর অর্থ তার জন্য ভবিষ্যতেও আগন্তুক-অঙ্গ প্রত্যাখ্যানরোধী ওষুধের প্রয়োজন হবে না।
তিনি আশা করেন , আগামী ২০ বছরের মধ্যে সব ধরনের প্রতিস্থাপনই এভাবে হবে। শল্যচিকিৎসায় এ এক বিশাল অগ্রগতি।
মাচ্চিয়ারিনি বলেন, "ক্যাস্তিলো এখন স্বাভাবিক জীবনযাপন করছে। আমাদের জন্য এরচেয়ে বড় উপহার আর কী হতে পারে?"
স্পেনেই বসবাস করেন ক্যাস্তিলো । "আমি ছিলাম অসুস্থ মানুষ। এখন আমি সুস্থ মানুষের মতোই জীবন কাটাচ্ছি।" গর্বের সঙ্গে বলেন তিনি।
ক্যাস্তিলোর চিকিৎসায় সহায়তাকারী ইউনিভার্সিটি অব ব্রিস্টল'এর শল্যচিকিৎসক মার্টিন বারশেল তার কথার জের ধরে বলেন, "এটা শুধু একটি জীবনের বিষয় নয়, জীবন যে কত চমৎকার হতে পারে সেটিই বিষয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৩ ঘ.
bdnews24