জাতিসংঘ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় মানবিক পরিস্থিতির অবনতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের কাছে মঙ্গলবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি গাজায় জাতিসংঘ ত্রাণকর্মীদের প্রবেশ করতে দেওয়ার জন্য ইসরায়েলকে অনুরোধ জানান।
জাতিসংঘ সংবাদ কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বান কি মুন গাজায় অবনতিশীল মানবিক পরিস্থিতির পরিণতি সম্পর্কে গভীর উদ্বেগ জানাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ফোন করেন।
এ সময় বান গাজায় মানবিক সাহায্য সরবরাহ করতে সংশ্লিষ্ট জাতিসংঘ কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে সেখানে অবাধে প্রবেশ করতে দেওয়ার জন্য ওলমার্টের প্রতি জোরাল আহ্বান জানান।
জবাবে ওলমার্ট গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের নিন্দা জানান। তবে তিনি বানের আহ্বানকে 'গুরুত্বের সঙ্গে বিবেচনা' করতে রাজি হন।
গত দুই সপ্তাহের মধ্যে প্রথম সোমবার ইসরায়েল ৩৩ ট্রাক ত্রাণসামগ্রী গাজায় প্রবেশের অনুমতি দেয় এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আশ্বাস দিয়ে ওলমার্ট বলেন, গাজায় তিনি মানবিক বিপর্যয় সৃষ্টি হতে দেবেন না।
এর আগে আন্তঃসীমান্ত সংঘর্ষের জেরে গাজায় জাতিসংঘ ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।
ওদিকে, 'ইসরায়েলে রকেট নিক্ষেপ অব্যাহত থাকায়' বুধবারও গাজা সীমান্ত পারাপার পথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৯
bdnews24