নয়াদিল্লি, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- সোমালীয় জলদস্যুদের একটি জাহাজ ধ্বংস করে দিয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ 'আইএনএস তাবর'। বুধবার ভারতীয় নৌবাহিনী এ তথ্য জানায়।
নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার এডেন উপসাগরে জলদস্যুদের সঙ্গে ছোট্র এক লড়াইয়ে 'আইএনএস তাবর' দস্যুদের জাহাজটি ধ্বংস করতে সক্ষম হয়। তবে মূল-জাহাজটি বিধ্বস্ত হলেও এর সঙ্গে থাকা দুটি স্পিড বোট পালিয়ে গেছে।
এক বিবৃতিতে নৌবাহিনী বলেছে, "আইএনএস তাবর আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় এবং দস্যুদের মূল জাহাজে গোলাবর্ষণ করে।"
"তাবরের গোলাবর্ষণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। সম্ভবত জাহাজে মজুদ বিস্ফোরক থেকেই ওই বিস্ফোরণ হয়েছে।"
তাবরের কর্মকর্তারা জানান, জাহাজটি তাদের নজরে পড়ার পর এর ডেকে রকেট লঞ্চার নিয়ে দস্যুদের চলাচল করতে দেখেছেন।
"বার বার তাদের প্রশ্ন করা হলে তারা নৌবাহিনীর যুদ্ধ জাহাজটি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।"
জলদস্যুদের হুমকির কারণে অনেক ঘুরপথে গন্তব্যে যাত্রার ফলে খরচ বৃদ্ধি ও সময় অপচয়ের অভিযোগে করে আসছিল ভারতীয় জাহাজ কোম্পানিগুলো। এরকম পরিস্তিতিতে জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করার জন্য গত ২৩ অক্টোবর আইএনএস তাবরকে এডেন উপসাগরে মোতায়েন করে ভারত।
তাবর এ পর্যন্ত ৩৫টি জাহাজ পাহারা দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছতে সহায়তা করেছে বলে ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।
সমুদ্রবাণিজ্য রুটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এডেন উপসাগর। এ সপ্তাহে এখানে পরপর দুটি জাহাজ ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা। শনিবার দস্যুরা ২ মিলিয়ন ব্যারেল তেলভর্তি সৌদি আরবের ট্যাংকার স্টার সাইরয়ুস এবং মঙ্গলবার একটি মালবাহী গ্রিক জাহাজ ছিনতাই করে নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫০১ ঘ.
bdnews24