২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন রোধে কাজ করার অঙ্গীকার ওবামার

চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও জলবায়ু পরিবর্তন রোধে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেওয়া এবং ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন বহুলাংশে কমিয়ে আনতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 09:38 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

শিকাগো, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও জলবায়ু পরিবর্তন রোধে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেওয়া এবং ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন বহুলাংশে কমিয়ে আনতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশ্ব উষ্ণায়ন রোধে এ যাবৎ বুশ প্রশাসনের গাফিলতির সমালোচনা করে আসা ওবামা বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর জন্য 'ক্যাপ এণ্ড ট্রেড' পদ্ধতি চালুর পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন। এ পদ্ধতিতে বিভিন্ন শিল্প কলকারখানাকে কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাত্রা বেঁধে দিয়ে তা মেনে চলার বিনিময়ে কাজ চালানোর অনুমতি দেওয়া হবে। এছাড়াও সৌর শক্তি, বাতাসের শক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রতিবছর ১৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনাও করেছেন ওবামা। এতে করে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা কমে আসা ছাড়াও বিদেশ থেকে তেল আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা কমবে। ক্যালিফোর্নিয়ায় আয়োজিত বিশ্ব উষ্ণায়ন শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের গভর্নর ও অন্যান্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি ভিডিও বার্তায় ওবামা বলেন, "আমরা ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমন ১৯৯০ সালের মাত্রায় নামিয়ে আনতে কঠোর বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করব এবং ২০৫০ সালের মধ্যে তা আরও ৮০ শতাংশ কমিয়ে আনব।" তিনি আরও বলেন, "আমার আমলে জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন অধ্যায় সূচিত হবে। এ প্রক্রিয়ায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়া ছাড়াও আমাদের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।" বিদায়ী প্রসিডেন্ট বুশ এখনও ক্ষমতায় থাকায় ডিসেম্বরে পোল্যান্ডে জাতিসংঘ আয়োজিত জলবায়ূ পরিবর্তন বিষয়ক সম্মেলনে ওবামা যোগ দিচ্ছেন না। তবে তিনি বিদেশি প্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন। এ বার্তায় ওবামা বলেন, "আমি প্রেসিডেন্টের দায়িত্ব নিলে আপনারা ধরে নিতে পারেন যে, যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে এসমস্ত আলোচনায় অংশ নেবে এবং জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে বিশ্বব্যাপী সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করবে।" উল্লেখ্য, ইউরোপের দেশগুলো বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য চাপ দিয়ে আসছে এবং বিশ্ব উষ্ণায়ন রোধে বুশ প্রশাসনকে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করানোর চেষ্টা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৯ ঘ.