২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপসাগরীয় যুদ্ধের সেনাদের অসুস্থতার প্রমাণ মিলেছে

১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকে ব্যবহৃত রাসায়নিক বিষের সংস্পর্শে আসা এক লাখ ৭৫ হাজারের বেশি মার্কিন সেনা সত্যি সত্যিই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সোমবার প্রকাশিত একটি প্রতিবেদেনে এই উপসংহার টানা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ওয়াশিংটন, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকে ব্যবহৃত রাসায়নিক বিষের সংস্পর্শে আসা এক লাখ ৭৫ হাজারের বেশি মার্কিন সেনা সত্যি সত্যিই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সোমবার প্রকাশিত একটি প্রতিবেদেনে এই উপসংহার টানা হয়েছে। উপসাগরীয় যুদ্ধের সময়কার সেনাদের অসুস্থতার বিষয়টি নিয়ে গঠিত 'রিচার্স অ্যাডভাইজারি কমিটি' তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেনারা স্পষ্টতই বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছে। অথচ আগের কিছু অনুসন্ধানে সেনাদের অসুস্থতাকে কেবলমাত্র মানসিক সমস্যা বলে দাবি করা হয়েছিল। যা অন্যান্য যুদ্ধের ক্ষেত্রে হয়ে থাকে। উপসাগরীয় যুদ্ধের পর থেকে বহু ধরনের স্নায়াবিক দুর্বলতা থেকে শুরু করে ব্রেন ক্যানসারে ভুগতে থাকা অসংখ্য মার্কিন সেনা তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কংগ্রেসের অনুমোদিত এই প্রতিবেদনে তাদের দাবি আরও জোরাল হল। প্রতিবেদনে বলা হয়, "বৈজ্ঞানিক তথ্য প্রমাণ থেকে নিশ্চিত হওয়া গেছে, উপসাগরীয় যুদ্ধে যোগ দেওয়া সেনারা সত্যিকার অর্থেই নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত। তাদের অনেকের অবস্থা বেশ ভয়াবহ।" ২০০২ সাল থেকে বিষয়টি পর্যবেক্ষণের পর কমিটি একথা জানাল। উপসাগরীয় যোদ্ধাদের স্বাস্থ্যগত বিষয়টি দেখভাল করার জন্য কংগ্রেসকে বছরে ৬০ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া উচিৎ বলে জানিয়েছে বিজ্ঞানী এবং যোদ্ধাদের নিয়ে গঠিত এই কমিটি। কমিটি তাদের প্রতিবেদনে লিখেছে, "এটি একটি জাতীয় দায়িত্ব, উপসাগরীয় যোদ্ধারা সহযোগিতা পাওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষায় আছে। বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনায় নেওয়া দরকার।" ইরাককে কুয়েত ছাড়তে বাধ্য করার জন্য ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে যে যুদ্ধ চালিয়েছিল তাতে যোগ দেয় প্রায় সাত লাখ সেনা। ইরাকের তাদের এক চতুর্থাংশ বা ১ লাখ ৭৫ হাজার থেকে ২ লাখ ১০ হাজার সেনা এখন বিভিন্ন শরীরিক সমস্যায় ভুগছে। এদের মধ্যে খুব অল্প সংখ্যক গত ১৭ বছরে তাদের সমস্যা কাটিয়ে উঠতে পেরেছে। উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনা উইসকনসিনের মেডিসনের অ্যান্থনি হার্ডি বলেন, "১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের এক কালো অধ্যায় উন্মোচিত করেছে এই প্রতিবেদন। এটাই প্রকৃত সত্য। উপসাগরীয় যুদ্ধের সেনাদের অসুস্থতা নিয়ে যাদের এখনো সন্দেহ আছে তাদের জন্য জবাব এই প্রতিবেদন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫০ ঘ.