তিবলিসি, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার ঘোর বিরোধী দেশ জর্জিয়াকে ওয়াশিংটন সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা। জর্জিয়ার নেতা মিখাইল সাকাশভিলিকে সোমবার টেলিফোনে এই আশ্বাস দিয়েছেন ওবামা।
গত আগস্টে জর্জিয়ার সঙ্গে একটি সংক্ষিপ্ত যুদ্ধের পর পশ্চিমের সঙ্গে রাশিয়ার শীতল সম্পর্কের আরও অবনতি হয়েছে। জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দুটি অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ায় জর্জিয়ার সেনা অভিযানের জবাবে সেখানে রাশিয়া পাল্টা সেনা মোতায়েন করলে ওই যুদ্ধ বাধে।
পাঁচ দিন যুদ্ধের পর দক্ষিণ ওসেটিয়া থেকে হটে যায় জর্জিয়ার বাহিনী। এরপরই রাশিয়া দক্ষিণ ওসেটিয়া ও আবাখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ক্ষুব্ধ হয়।
জর্জিয়া নিয়ে দুপক্ষের এই বিরোধের জের না কাটতেই ওবামা সোমবার সাকাশভিলিকে ফোন করেন। সাকাশভিলির এক মুখপাত্র একথা জানিয়েছেন।
জর্জিয়ার প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে সাকাশভিলির প্রেস সার্ভিস এক বিবৃতিকে জানিয়েছে, "দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ কথপোকথন হয়েছে। এতে দু'দেশের মধ্যকার ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টি প্রাধান্য পেয়েছে।"
এতে আরও বলা হয়, "ওবামা জর্জিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করাসহ দেশটির চলমান সংস্কার কার্যক্রমের গুরুত্বের দিকটিতে মনোনিবেশ করার কথা বলেন।" সেইসঙ্গে খুব শিগগিরি সাকাশভিলির সঙ্গে বৈঠকে বসার আশা প্রকাশ করেন তিনি।
তিবলিসিতে নিযুক্ত জাতিসংঘ দূত সোমবার জানিয়েছেন, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জর্জিয়ার ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টিতে জোর সমর্থন দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪২ গ.
bdnews24