কলম্বো, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার পূর্বাঞ্চলীয় মুল্লাইতিভু বন্দরের কাছে মঙ্গলবার নৌ ও বিমান বাহিনীর সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ৬ তামিল গেরিলা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ দাবি করেছে।
ওই সংঘর্ষে তামিল গেরিলাদের দুটি নৌযানও ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়।
সেনাবাহিনীর মুখপাত্র উদয় নানায়াক্কার জানান, তামিলা গেরিলা নিয়ন্ত্রিত মুল্লাইটিভু বন্দরের দক্ষিণে নায়ারু উপকূলের অদূরে নৌবাহিনীর 'স্পেশাল বোট স্কোয়াড্রন' তামিল বিদ্রোহীদের কমপক্ষে আটটি "সি টাইগার" লক্ষ্য করে হামলা চালায়।
এ অভিযানে নৌবাহিনী তামিল বিদ্রোহীদের দুটি জাহাজ ধ্বংস ও একটি ক্ষতিগ্রস্ত করার পর বিমান বাহিনীর এমআই-২৪ হেলিকপ্টার এসে গেরিলা নৌযানগুলোর ওপর গোলাবর্ষণ করে।
সেনাবাহিনী পশ্চিম উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার একদিন পরেই অভিযান চালানো হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬০১ ঘ.
bdnews24