শিকাগো, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেছনে আমেরিকার পতাকা; সামনে বসে সহাস্যে কথা বলছেন, রসিকতা করছেন নির্বাচনী দ্বৈরথের দুই যোদ্ধা। ৪ নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বারাক ওবামা আর পরাজিত জন ম্যাককেইন তিক্ত বাগ্বিতণ্ডা পেছনে ফেলে সোমবার প্রথমবারের মতো একান্তে বৈঠকে বসেন।
অর্থনীতি, বৈদেশিক নীতিসহ নানা বিষয়ে দ্বিমত পোষণ করে একে অপরের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন দুজন। কিন্তু সোমবার এসব বিষয়ে ওবামার নীতিকে সহায়তা করার অঙ্গীকার করেছেন ম্যাককেইন। জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নিরাপত্তাসহ আরও অনেক ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তার ব্যাপারে তারা একমত হন। বৈঠকের ঘনিষ্ঠ একটি সূত্র একথা জানিয়েছে।
গুয়ানতানামো বে' তে যুক্তরাষ্ট্রের বিতর্কিত কারাগারের কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।
যুক্তরাষ্ট্রের নীতিমালা সংস্কারের ক্ষেত্রে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের যৌথপ্রচেষ্টার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ওবামা সেভাবে এগুবেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন।
শিকাগোতে নিজ প্রশাসন গঠনের অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রবেশের আগে ওবামা বলেন, "দেশের বিভিন্ন সমস্যা কীভাবে একসঙ্গে সমাধান করা যায় সে ব্যাপারে আমরা ভালভাবে আলোচনা করতে চলেছি।"
" ইতোমধ্যেই দেশকে যে অসাধারণ সেবা দিয়েছেন ম্যাককেইন তার জন্য এই সুযোগে তাকে ধন্যবাদও জানাতে চাই"- বলেন তিনি।
প্রেসিডেন্ট ওবামাকে সহায়তা করবেন কিনা- সাংবাদিকদের এই সরাসরি প্রশ্নের ঝটপট উত্তর দেন ম্যাককেইন: "অবশ্যই"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪৩ ঘ.
bdnews24