নাইরোবি, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- ভারত মহাসাগর থেকে ছিনতাই করা সৌদি তেলট্যাংকারটি জলদস্যুরা সোমালিয়ার উত্তর উপকূলে নিয়ে গেছে। ওই অঞ্চলের একটি নৌ সংস্থা মঙ্গলবার এতথ্য জানিয়েছে।
'ইস্ট আফ্রিকান সিফারার্স অ্যাসোসিয়েশন' এর সমন্বয়ক এন্ড্রু এমওয়ানগুরা রয়টার্সকে বলেন, "কিছু লোক জানিয়েছেন, তারা 'ইল' এর অদূরে একটা বড় জাহাজ দেখতে পেয়েছে। এটা ওই সুপারট্যাংকার হতে পারে।"
পূর্ব আফ্রিকার এই অ্যাসোসিয়েশনটি অনেক বছর ধরে সোমালিয়ার জলদস্যুতা পর্যবেক্ষণ করে আসছে।
সোমালিয়ার ওই উপকূলীয় গ্রামটি জলদস্যুরা ব্যবহার করে থাকে বলে তিনি জানান। এত বড় জাহাজ ছিনতাইয়ে বিস্ময় প্রকাশ করে এমওয়ানগুরা বলেন, "পৃথিবীতে আগে কখনও এমন ঘটনা ঘটেনি।" তিনি জানান, জলদস্যুরা জাহাজটিকে সম্ভবত ইল গ্রাম থেকে ৮ মাইল দূরে রেখেছে।
তার ধারণা, এই ছিনতাই কাজে সোমালীয় জলদস্যুদের অন্য কোনো দেশের জলদস্যুরা সহায়তা করেছে এবং সম্ভবত তারা নাইজেরীয় ও ইয়েমেনি।
সৌদি আরবের 'দ্য সাইরিয়ুস স্টার' নামের ট্যাংকারটি গত রোববার কেনিয়ার মোমবাসা বন্দর থেকে ৪৫০ নটিক্যাল মাইল দূরে ভারত উপসাগরে ছিনতাই হয়।
এ যাবত ছিনতাই করা তেলট্যাংকারগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড়। জাহাজটিতে প্রায় ২ শ' মিলিয়ন ব্যারেল তেল ছিল। যা সৌদি আরবের একদিনে উত্তোলনকৃত তেলের এক চতুর্থাংশ।
কেনিয়া উপকূল থেকে ছিনতাইয়ের সময় ট্যাংকারটিতে বিভিন্ন দেশের ২৫ জন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদে আছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৪৫ ঘ.
bdnews24