কঙ্গো, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কঙ্গোর বিদ্রোহী নেতা লর্যাঁ নকুন্দা রোববার শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে রাজি হওয়ার পরও বিদ্রোহিরা লড়াই চালিয়ে যাচ্ছে। কঙ্গোর পূর্বাঞ্চলে একটি সেনাঘাঁটিতে দলে দলে প্রবেশ করেছে তুতসি বিদ্রোহিরা।
নকুন্দার যুদ্ধবিরতি মেনে চলা এবং জাতিসংঘ-সমর্থিত শান্তি প্রক্রিয়ায় জড়িত হওয়ার প্রতিশ্র"তি সত্ত্বেও বিদ্রোহিরা লড়াইয়ে সামনে অগ্রসর হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা সোমবার একথা জানিয়েছে।
বিদ্রোহিদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর গোমার ১৩০ কিলোমিটার উত্তরের রিউন্দি এলাকা থেকে সরকারি বাহিনীর সেনারা রোববার সরে গেছে। সংঘর্ষের সময় রিউন্দিতে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষীরা তাদের ঘাঁটিতে ছিল।
জেনারেল নকুন্দার অনুগত তুতসি বিদ্রোহিরা উত্তরে লড়াই চালিয়ে যাচ্ছে এবং উত্তরের কিভু প্রদেশে ব্যাপক এলাকা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। রোববার নকুন্দার শান্তি আলোচনায় সহায়তার আশ্বাসের পরও এ চেষ্টা অব্যাহত রেখেছে বিদ্রোহিরা।
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজোর সঙ্গে আলোচনার পর রোববার নকুন্দা ওই আশ্বাস দেন।
কঙ্গোর নর্থ কিভু প্রদেশে ওবাসানজোর সঙ্গে বৈঠকের পর নকুন্দা জানান, জাতিসংঘ দূতের অনুরোধে তিনি যুদ্ধবিরতি মেনে চলতে এবং শরণার্থীদের মানবিক সাহায্যের জন্য একটি করিডোরও খুলে দিতে রাজি।
তিনি বলেন, "জাতিসংঘ দূত আমার কাছে শান্তি প্রচেষ্টায় সহায়তা চেয়েছেন, আমিও তাতে রাজি হয়েছি।"
কঙ্গো সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের নিয়োজিত শান্তিদূত ওবাসানজো রুয়ান্ডা এবং উগান্ডা সীমান্তের কাছাকাছি জোমবা নামক স্থানে নকুন্দার সঙ্গে বৈঠক করেন।
তার আগেই জাতিসংঘের এক কর্মকর্তা এবং এক প্রত্যক্ষদর্শী গোমার ১১০ কিলোমিটার উত্তরে একটি গ্রামের কাছে প্রচণ্ড গুলিবিনিময়ের খবর জানান।
কিভুতে সংঘর্ষ রোধের চেষ্টায় কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে গত শনিবার সাক্ষাৎ করেন ওবাসানজো। এদিন তিনি জানান, কঙ্গোয় সংঘাত নিরসণে তার প্রচেষ্টা ভালোভাবেই অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট জোসেফ কাবিলাও কোনো শর্ত ছাড়াই বিদ্রোহিদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন।
কঙ্গোর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লর্যাঁ নকুন্দার নেতৃত্বাধীন তুতসি বিদ্রোহিরা কঙ্গোর সরকারি সেনাবহিনী (এফএআরডিসি) এবং হুতু বিদ্রোহিদের (এফডিএলআর) সঙ্গে লড়াই করছে। এ লড়াইয়ে কারণে সেখানকার হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং অঞ্চলটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
রোববার ওবাসানজোর সঙ্গে নকুন্দার বৈঠকের সময়ও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪১ঘ.
bdnews24