কাঠমাণ্ডু নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নতুন প্রজাতান্ত্রিক দেশ নেপালে ২০১০ সালের মে মাসের মধ্যে নতুন সংবিধান রচিত হবে। এক শীর্ষ কর্মকর্তা সোমবার একথা বলেছেন।
নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো এবং সাবেক মাওবাদী বিদ্রোহিরা ২০০৬ সালে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে এবং গত বছর একটি অন্তর্বর্তী সংবিধান প্রনয়ণ করেছে।
এ বছর নির্বাচনে মাওবাদীরা সবচে বড় রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়েছে। এর মধ্য দিয়ে তারা নতুন সংবিধান তৈরির সুযোগ পেয়েছে। নতুন সংবিধানের খসড়া তৈরির কাজ তদারককারী কোয়ালিশন সরকারের নেতৃত্বে আছে মাওবাদীরা।
নেপালের গণপরিষদের চেয়ারম্যান সুবাস নেমওয়াং বলেছেন, প্যানেল রোববার একটি শিডিউল তৈরি করেছে। এর আওতায় ২০১০ সালের মে মাসের মধ্যে নতুন সংবিধানের খসড়া তৈরি হয়ে যাবে। এরপর ওই মাসেই তা অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে।
নেমওয়াং রয়টার্সকে বলেন, "নতুন সংবিধান নেপালের জন্য একটি ঐতিহাসিক ব্যাপার। কারণ, এটিই হবে নেপালে প্রথম গণপরিষদের নির্বাচিত সদস্যদের তৈরি সংবিধান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24