২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারজাইয়ের 'নিরাপত্তা প্রস্তাব' প্রত্যাখ্যান করল তালেবানরা

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই আলোচনায় বসলে তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমরের নিরাপত্তা বিধানের যে প্রস্তাব দিয়েছিলেন তা সোমবার প্রত্যাখ্যান করেছেন ওমরের ভাই। বিদেশি সেনারা আফগানিস্তানের মাটি থেকে সরে না যাওয়া পর্যন্ত তিনি সরকারের সঙ্গে কোনও আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 10:03 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

কাবুল, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই আলোচনায় বসলে তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমরের নিরাপত্তা বিধানের যে প্রস্তাব দিয়েছিলেন তা সোমবার প্রত্যাখ্যান করেছেন ওমরের ভাই। বিদেশি সেনারা আফগানিস্তানের মাটি থেকে সরে না যাওয়া পর্যন্ত তিনি সরকারের সঙ্গে কোনও আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে কারজাই রোববার বলেন, তালেবান নেতা মোল্লা ওমর শান্তি আলোচনায় বসতে রাজি থাকলে তিনি তার নিরাপত্তা বিধান করবেন। পশ্চিমা মিত্ররা তা মেনে না নিলে তারা হয় তাকে (কারজাই) সরিয়ে দেবে, না হয় আফগানিস্তান ছেড়ে চলে যাবে। মার্কিন নেতৃত্বধীন সেনাদের সামরিক অভিযানে সাত বছর আগে আফগানিস্তানে তালেবান শাসনের পতনের পর সেখানে তালেবান বিদ্রোহ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় সহিংসতা অবসানে আফগান সরকার ও তার পশ্চিমাদের মিত্রদের কাছে তালেবান নেতাদের সঙ্গে আলোচনার বিষয়টি দিন দিন গুরুত্ব পাচ্ছে। অফগান সরকার জানিয়েছে, দেশের সংবিধান মেনে আলোচনায় রাজি থাকলে যে কারও সঙ্গেই তারা আলোচনায় বসতে রাজি। কিন্তু আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতির অবসান না হলে তালেবানরা আলোচনায় বসতে নারাজ। কারজাই রোববার বলেছেন, এ শর্ত মেনে নেওয়া যায় না। কিন্তু ওমরের ভাই সোমবার আবারও একই দাবি তুলে তালেবান নেতাদের জন্য কারজাইয়ের নিরাপত্তা বিধানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আলোচনা শুরুর আগে বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে। তালেবানদের উপ-নেতা ওমরের ভাই বলেন, "বিদেশি সেনারা যতদিন আফগানিস্তানে থাকবে ততদিন আমরা আলোচনায় বসতে পারি না। কারণ, তারা বিদায় না হলে সব ক্ষমতা তাদের হাতেই থাকবে। ফলে আলোচনা ফলপ্রসূ হবে না..... আর আফগানিস্তানে নানা সমস্যার মূলেও আছে তারা।" অজ্ঞাত স্থান থেকে স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে ওমরের ভাই আরও বলেন, "আমরা আফগানিস্তানে নিরাপদেই আছি। আমাদের হামিদ কারজাইয়ের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার দরকার নেই।" তালেবানদের জিহাদও চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৮ ঘ.