টোকিও, ১৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব আর্থিক সংকটের ঝাপটা পুরোপুরি গায়ে লাগার আগেই জাপানও মন্দার কবলে পড়েছে। বার্ষিক হিসাবের তৃতীয় ত্রৈমাসিক ধাপে এর অর্থনীতি সংকুচিত হয়েছে শুন্য দশমিক এক শতাংশ। ২০০১ সালের পর এই প্রথম সংকুচিত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।
বিশ্ব অর্থনীতির পতন সামাল দিতে গেলো সপ্তাহান্তে ওয়াশিংটনে বিশ্ব নেতাদের করা অঙ্গীকারের ওপর বিনিয়োগকারীদের সামান্য আস্থার মধ্যে এ খবরে বিশ্বব্যাপী ঝুুঁকি আরও প্রবল হয়ে উঠল।
ইউরো এলাকা আগেই মন্দার কবলে পড়েছে। মার্কিন অর্থনীতিও তৃতীয় ত্রৈমাসিক ধাপে সংকুচিত হয়েছে। চীনের অর্থনীতির মন্থর হওয়াও ঘটছে দ্রুতগতিতে। এতসব নেতিবাচক পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে তুলতে জি-টোয়েন্টি নেতাদের নানা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রতিতেও বাজার ঘুরে না দাঁড়িয়ে নিচের দিকে নামাই অব্যাহত রেখেছে।
বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বাজার ও সম্পদ থেকে বিনিয়োগ গুটিয়ে নিচ্ছে। রোববার আরও এক ডলার কমে ব্যারেলপ্রতি তেলের দাম দাঁড়িয়েছে ৫৬ ডলারের নিচে।
জাপানের অর্থনীতি দুর্বল হওয়া শুরু হলেও এতটা দ্রুতগতিতে তার পতন প্রত্যাশিত ছিল না। রয়টার্সের চালানো জরিপে বিশ্লেষকরা আভাস দিয়েছিলেন, অর্থবছরের তৃতীয় ধাপে এর আয়তন বাড়বে শুন্য দশমিক এক শতাংশ। কিন্তু উল্টো তা শুন্য দশমিক এক শতাংশ সংকুচিত হয়েছে।
জাপানের অর্থমন্ত্রী কাউরু ইয়োসানো বলেছেন, "বিশ্বব্যাপী উৎপাদন কমতে থাকায় জাপানের অর্থনীতির এই মন্দাবস্থা আরও কিছুদিন চলতে থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪০৫ ঘ.
bdnews24