তেহরান, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা- ওপেক এর অর্ন্তভুক্ত দেশগুলোর তেল উৎপদান দিনে আরও ১০ থেকে ১৫ লাখ ব্যারেল কমাতে চায় ইরান। চলতি মাসের শেষের দিকে কায়রোতে অনুষ্ঠেয় ওপেকের বৈঠকে তারা এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করবে।
জ্বালানি তেলের দাম গত বুধবার ২০ মাসের মধ্যে সবচেয়ে কম- ব্যারেল প্রতি ৫৮ ডলারেরও নিচে নেমে যায়। ২ শতাংশের বেশি দরপতন হয়ে ওইদিন এই রেকর্ড পরিমাণ কমদামে তেল বিক্রি হয়েছে বিশ্ব বাজারে। গত জুলাইতে প্রতি ব্যারেল সর্বোচ্চ ১৪৭ ডলারে বিক্রি হওয়ার পর চার মাসে তেলের দাম কমেছে ৬০ শতাংশ।
দাম কমতে থাকায় আর্থিক ব্যয় নির্বাহের ক্ষেত্রে সংকটে পড়েছে ওপেকভুক্ত দেশগুলো। তেলের দাম কমার প্রবণতা রোধ করতে তারা গত মাসেও তেল উৎপাদন কমায়। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। উৎপাদন কমানো হলেও সঙ্গে সঙ্গে বিশ্ব বাজারে তেলের চাহিদা কমতে থাকায় দামও কমে যাচ্ছে।
এই অবস্থায় আগামী ২৯ নভেম্বর মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠেয় বৈঠকে ওপেকের তেলের উৎপাদন আরেক দফা কমানোর প্রস্তাব দেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান।
ওপেকে ইরানের গভর্নর মোহাম্মদ আলী খাতাবি জানিয়েছেন, গত মাসে তেলের উৎপাদন দিনে ১৫ লাখ ব্যারেল কমানোর পর বাজারের চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেশি আছে। এ কারনে তেলের দাম বাড়ছে না।
তিনি বলেন, "কায়রো বৈঠকে উৎপাদন আরও ১০ থেকে ১৫ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত হতে পারে। এতে বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় আসসে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩০ ঘ.
bdnews24