কিনশাসা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের বিশেষ দূত ও নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগান ওবাসানজু শনিবার জানিয়েছেন, কঙ্গোয় সংঘাত নিরসণে তার প্রচেষ্টা ভালোবাবেই অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট জোসেফ কাবিলাও কোনো শর্ত ছাড়াই বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন বলে তিনি জানান।
কিনশাসায় প্রেসিডেন্ট কাবিলার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ওবাসানজু বলেন, "সংঘাত নিরসণে উভয়পক্ষকে রাজি করাতে এবং আলোচনার টেবিলে বসাতে আমি যথাসাধ্য চেষ্টা করছি। সবকিছুই ঠিকঠাক মতো এগুচ্ছে।"
জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত সপ্তাহে ওবাসানজুকে কঙ্গোয় তার বিশেষ দূত হিসেবে ঘোষণা দেন। এরপর কঙ্গোর উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগেই ওবাসানজু অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোসে এডুয়ার্ডোর সঙ্গে বৈঠক করেন। এছাড়া কঙ্গোর বিদ্রোহী নেতা লর্যাঁ নকুন্দার সঙ্গেও তার টেলিফোনে কথা হয়েছে।
কিনশাসায় ওবাসানজু কঙ্গোর পার্লামেন্ট সদস্য এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন।
কঙ্গোর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লর্যাঁ নকুন্দার নেতৃত্বাধীন টুটসি বিদ্রোহীরা কঙ্গোর সরকারি সেনাবহিনী (এফএআরডিসি) এবং হুটু বিদ্রোহীদের (এফডিএলআর) সঙ্গে লড়াই করছে। এ লড়াইয়ে কারণে সেখানকার হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং অঞ্চলটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৫ ঘ.
bdnews24