ওয়াশিংটন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- অর্থনৈতিক সংকট সমাধানের উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ডাকা গ্র"প-টোয়েন্টির শীর্ষ সম্মেলন শুরু হয়েছে ওয়াশিংটনে। শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
বর্তমান সংকট থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করতে এবং ভবিষ্যতে যাতে এ ধরণের সংকট এড়ানো যায় সে লক্ষ্যে নিজেদের পরিকল্পনা ও পদক্ষেপের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা গ্রহণে সম্মত হতে পারবেন বলে আশা করছেন জি-২০'র নেতারা।
শুক্রবার নেতাদের নৈশভোজের মাধ্যমে সম্মেলন শুরু হলেও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে শনিবার থেকে। দুই দিনের সম্মেলনের প্রথম দিনের আলোচনাতে বিভেদ দেখা দিয়েছে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মধ্যে। শুক্রবার থেকে সরকারিভাবে মন্দার বিষয়ে নিশ্চিত হওয়া ইউরোপের দেশগুলো চাইছে, বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও অন্যরা তুলনামূলকভাবে নমনীয় সংস্কারের পক্ষে।
তবে হোয়াইট হাউসে সম্মেলন উদ্বোধনের সময় প্রেসিডেন্ট বুশ রাতারাতি পরিস্থিতির উন্নতির আশা করার ব্যাপারে সতর্ক দিয়েছেন।
তিনি বলেন, "আজকের এই সংকট হুট করে সৃষ্টি হয়নি এবং রাতারাতি এর সমাধানও সম্ভব নয়। তবে নিজেদের মধ্যে যদি সহযোগিতা অব্যাহত রাখা যায় এবং মনোবল ধরে রেখে কাজ করতে পারি তাহলে পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যাবে।"
সম্মেলনে নেতারা আশা করছেন, ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনার বিষয়ে তারা একটি মতৈক্যে পৌঁছাতে পারবেন এবং বিশ্বের আর্থিক নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলোর ভূমিকায় পরিবর্তন আনার ক্ষেত্রেও তারা সম্মত হতে পারবেন।
১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত এই জোট। দেশগুলোর মধ্যে ফ্রান্স ছাড়া বাকি সবাই কমবেশি মন্দার কবলে পড়েছে। শূণ্য দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ফ্রান্স কোনক্রমে মন্দায় পড়া থেকে রক্ষা পেয়েছে। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিও এখন মন্দার কবলে।
এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতিও ইতিমধ্যে মন্দার কবলে পড়েছে বলে ধারণা করছেন অর্থনীতিদীদরা। তবে সরকারি তথ্য ও বিশ্লেষণের অভাবে আগামী জানুয়ারির আগে সেটা সরকারিভাবে জানা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৫৬ ঘ.
bdnews24