ইয়াঙ্গুন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণতান্ত্রিক আন্দোলনের আরও ১৭ কর্মীকে শুক্রবার কারাগারে পাঠিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। ২০১০ সালে অনুষ্ঠেয় নির্বাচনের প্রতিবন্ধকতা এড়ানোর অভিযানের অংশ হিসেবেই এই কর্মীদের কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্র শনিবার এ খবর জানিয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনের ওই কর্মীদের ২ থেকে ১৬ বছরের মধ্যে কারাদণ্ড দেওয়া হয়েছে। মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুন এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর মান্দালায়ে গোপন আদালতের মাধ্যমে এই দণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে গণতান্ত্রিক আন্দোলনের ৬০ জন কর্মীকে কারাগারে পাঠাল জান্তা সরকার।
শিগগিরই আরও অনেক কর্মীকে কারাদণ্ড দেওয়া হতে পারে বলে জানিয়েছেন একজন আদালত কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য আদালতকে অতিরিক্ত সময় এবং ছুটির দিনেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মকর্তাটি বলেন, "'ইনসেইন সেন্ট্রাল প্রিজন'র ভেতরেও কয়েকটি আদালত বসেছে। আমার ২০ বছরের চাকরিজীবনে এরকম আর কখনো হতে দেখিনি।"
তিনি আরও বলেন, "আগামী কয়েকদিনের মধ্যে আরও অনেক কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হতে পারে এবং আদালতকে সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।"
বিরোধী দল 'ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি'র (এনডিএল) মুখপাত্র নাইয়ান উইন শুক্রবারের সাজাপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন এনডিএল'র কর্মী রয়েছে বলে নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়ন গণতান্ত্রিক কর্মীদের কারাদণ্ড দেওয়ার সমালোচনা করেছে এবং তাদের ছেড়ে দেওয়ার জন্য জান্তা সরকারের কাছে আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫০০ ঘ.
bdnews24