শিকাগো, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিনেটর হিলারি ক্লিনটনের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে। বৃহস্পতিবার নির্বাচিত-প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পরদিন তিনি এক বক্তৃতায় গুরুত্বপূর্ণ পদটিতে তার 'প্রার্থিতা' উন্মুক্ত রাখার ইঙ্গিত দিয়েছেন।
হিলারি অবশ্য বারাক ওবামার সঙ্গে গোপন বৈঠকের বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনটাই করেননি। তবে ডেমোক্র্যাট দলের কর্মকর্তারা তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা স্বীকার করেছেন।
নিউ ইয়র্কের আলবেনিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি বলেন, "বারাক ওবামার আসন্ন প্রশাসন সম্পর্কে আমি কোন অনুমান করতে বা কিছু বলতে চাই না। তিনি যেভাবে তার প্রশাসন সাজাচ্ছেন তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। প্রশাসনে কারা যোগ দিচ্ছেন সে ব্যাপারে তার প্রশাসন-গঠনকারী দলের কাছেই খোঁজখবর নেওয়া উচিত।"
নিজ শহর শিকাগোতে স্থাপিত ওবামার প্রশাসন-গঠনকারী দলের অফিসও হিলারির পররাষ্ট্রমন্ত্রী হওয়া সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করে।
ডেমোক্র্যাটিক দলের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, "ওবামা ও হিলারির গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তবে হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী পদ গ্রহণের প্রস্তাব দিয়েই দেওয়া হয়েছে কীনা সেটাই এখন প্রশ্ন।"
সিএনএন ডেমোক্র্যাটিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, হিলারির সঙ্গে আলোচনায় ওবামা পররাষ্ট্রমন্ত্রী পদে তার আগ্রহের বিষয়টি পরিমাপ করতে চেয়েছেন। রাজি হলে পদটি তিনিই পাবেন এমন ধারণা নিয়ে হিলারি বৈঠক থেকে বেরিয়ে আসেন।
এদিকে ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, ওবামা শুক্রবার তার আরেক সাবেক প্রতিদ্বন্দ্বী, নিউ মেক্সিকোর গভর্নর বিল রিসার্ডসনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর পদটি নিয়ে আলোচনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৪৫ ঘ.
bdnews24